কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বিজেপিতে NCPI মিশে যাওয়া কি শুধুই সময়ের অপেক্ষা? কাল NDA বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের আমন্ত্রণ করা হয়েছে বলে খবর। ‘NDA বৈঠকে থাকার জন্য ডাক পেয়েছি’, জানালেন কাকলি ঘোষ দস্তিদার। কাল সকাল সাড়ে ৯ টা নাগাদ NDA বৈঠক রয়েছে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদি। এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকারে কী জানালেন রচনা বন্দ্যোপাধ্যায় ?
আরও পড়ুন, সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
এবিপি আনন্দ: আগামীকালের একটা মিটিং আছে, এনসিপিআই-র সমস্ত সাংসদদের।
রচনা বন্দ্যোপাধ্যায়: হ্যাঁ, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আসছেন। এবং আমাদের সকলের মিলিতভাবেই একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। দেখা যাক, উনি আমাদের কী মেসেজ দেন। আগামীদিন আমরা যাতে সুস্থভাবে কাজ করতে পারি, আমাদের জেলার জন্য, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সেটাই আমাদের মূল লক্ষ্য হবে। যা যা আমাদের সুবিধা-অসুবিধা আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব।
এবিপি আনন্দ: আপনাদের বক্তব্য কী, মিটিংয়ে মূলত কী নিয়ে আলোচনা হবে ?
রচনা বন্দ্যোপাধ্যায়: দেখুন মিটিংটা ওনারা ডেকেছেন। মানে দাদারা ডেকেছেন..
এবিপি আনন্দ: বিজেপির তরফ থেকে ?
রচনা বন্দ্যোপাধ্যায়: বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে। এবং সেই মিটিংয়ে আমরা সবাই থাকতে রাজিও হয়েছি এই জন্য, কারণ আমাদের সকলেরই নিজস্ব কিছু বক্তব্য থাকবে। যেটা আমরা আলোচনা করতে চাইবো। ওনারা কী বলছে সেটাও শুনতে চাইবো। ওনারা আমাদের কীভাবে গাইড করছেন, সেটাও দেখব।
এবিপি আনন্দ: এটাও শোনা যাচ্ছে, আপনাদের সাংসদদের একটা টিম, তাঁরা কি বিজেপিতে সরাসরি যোগ দেবেন ?..
রচনা বন্দ্যোপাধ্যায়: নানা , এরকম কোনও কথা নেই। ..অনেক কিছু রটে চারিদিকে। সেগুলির মধ্যে কোনও সততা নেই। আমরা কালকে আগে বসি, তারপর বলতে পারব, এগজ্যাক্টলি যে কী কী হল আমাদের ।
