কলকাতা: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী তোলাবাজির চক্র চালাতেন বলে দাবি করেছে পুলিশ। এই মামলায় গতকাল আদালতে ১৫০ পাতার চার্জশিট জমা দিয়েছে বাগুইআটি থানার পুলিশ। চার্জশিটে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের।
আরও পড়ুন: ‘সেটিং’-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
পুলিশের চার্জশিট অনুযায়ী, পুরনিগমের আধিকারিকদের কাজে লাগিয়ে বাগুইআটির এক প্রোমোটারের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারি নোটিস জারি করে ওই নির্মাণকাজ বন্ধ করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট প্রোমোটার দেবরাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। সেই সময় ৩০ লক্ষ টাকার বিনিময়ে ফের কাজ শুরু করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।
পুলিশের দাবি, প্রোমোটার ওই অর্থ দিতে রাজি হওয়ার পর সরকারি নোটিস বহাল থাকা সত্ত্বেও নির্মাণকাজ আবার শুরু হয়ে যায়। তদন্তে এই ঘটনাকে তোলাবাজি-চক্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে।
এই মামলার তদন্তে মোট ১১ জন সাক্ষীর বয়ানও নথিভুক্ত করেছে বাগুইআটি থানার পুলিশ। তাঁদের বয়ানের ভিত্তিতেই তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
গতকাল আদালতে জমা দেওয়া চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
