Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
কলকাতা : এখনই কমছে না দুর্যোগ। ১৭ অগস্ট সোমবারের পর ১৮ অগস্ট মঙ্গলবারেও ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার ১৬ অগস্ট রাত থেকেই মূলত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে ১৮ অগস্ট মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। অতিরিক্ত ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। লাল, কমলা, হলুদ – তিন ধরনের সতর্কতাই জারি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান – এই তিন জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এবং এই জেলাগুলিরই দু-এক জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বেদিনীপুর – এই তিন জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সারা দক্ষিণবঙ্গজুড়েই মঙ্গলবার ১৮ অগস্ট চলবে ঝড়বৃষ্টি এবং তার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ১৮ অগস্ট মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১৯ অগস্ট বুধবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্তও ভারী দুর্যোগের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম – এই জেলাগুলিতে বুধবার ১৯ অগস্টও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী ২৪ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
