Kolkata News: জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
হিন্দোল দে, কলকাতা : পানীয় জল থেকে রাস্তা তৈরির নামে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল কাউন্সিলর রঘুনাথ পাত্র কাটমানি নিয়েছেন। এই অভিযোগ তুলে আজ কাউন্সিলরের গ্রেফতারির দাবিতে সরব হন হরিদেবপুরের হাজরা পাড়ার বাসিন্দারা।
পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতারির দাবিতে পড়ল পোস্টার। হরিদেবপুর থানায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানানো হল। অভিযুক্ত কাউন্সিলরের দাবি, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যে।
পানীয় জলের জন্য টাকা দিতে হয়েছে জলের মতো। রাস্তা তৈরি থেকে এলাকায় লাইট পোস্ট বসানো, তার জন্যেও দাবি মতো দিতে হয়েছে টাকা। এমনকী সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দিতেও গুনে গুনে কাটমানি খেয়েছেন কাউন্সিলর। এমনই গুচ্ছ অভিযোগ উঠল কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর রঘুনাথ পাত্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। এতদিন যে রাগ-ক্ষোভ বারুদের মতো জমছিল এলাকার বাসিন্দাদের মনে, রাজ্যে পালাবদল হতেই যেন ঘটল তারই বিস্ফোরণ।
মুর্শিদাবাদে ফের ‘পুরুষ লক্ষ্মী’, রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
বিক্ষোভকারী স্থানীয়দের দাবি, রঘুনাথ পাত্র এবং তাঁর সহযোগীদের গ্রেফতার করতে হবে। ‘কাউন্সিলর রঘুনাথ পাত্রকে গ্রেফতার করতে হবে, এলাকায় আইনের শাসন সুনিশ্চিত করতে হবে, কাউন্সিলর ঘনিষ্ঠ সঞ্জনা, বিবেক, রিকি, রুদ্রদের অবিলম্বে গ্রেফতার করতে হবে’- এলাকায় এইরকম পোস্টারও পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, ‘রঘুনাথ পাত্র এবং তাঁর সহযোগীদের গ্রেফতার করতে হবে। আমাদের এখানে কাউন্সিলরের অত্যাচার বন্ধ করতে হবে। ঘরে এসে শাসানো বন্ধ করতে হবে।’ এছাড়াও অভিযোগ, এই কাউন্সিলর ঠিক করে দিতেন বাড়ি তৈরি করলে কোন সিন্ডিকেট থেকে মাল কিনতে হবে। বাধ্য হয়ে বেশি দামে সেখান থেকেই জিনিস কিনতে হতো। পানীয় জল, রাস্তা, ল্যাম্পপোস্ট – সবের জন্যই কাটমানি খেয়েছেন এই তৃণমূল কাউন্সিলর, অভিযোগ উঠেছে এমনটাই। এর পাশাপাশি বাড়ি গিয়ে শাসানো, তোলাবাজি থেকে শুরু করে আরও অনেক অভিযোগই উঠেছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
এখানেই শেষ নয়। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঘুনাথ পাত্র ও তাঁর দলবলের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোরও অভিযোগ উঠেছে। এনিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
