Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কলকাতা: পশ্চিমবঙ্গে ১৬ অগাস্ট থেকে চালু হচ্ছে আয়ুষ্মান প্রকল্প। চিকিৎসায় জন্য এই প্রকল্পে প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ দেবে সরকার। কিন্তু প্রশ্ন, আয়ুষ্মান ভারত হোক কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা, কীভাবে মিলবে সুবিধা? কেন্দ্র কিংবা রাজ্য-কার্ড না থাকলে কীভাবে মিলবে স্বাস্থ্য বিমা? স্বাস্থ্য ভবনে একটি বৈঠকের পর জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
স্বাস্থ্য বিমার সুবিধা নিয়ে বড় বার্তা দিল রাজ্য সরকার। রবিবার থেকেই রাজ্য জুড়ে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সরকারি তথ্য় অনুযায়ী, এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারতে নথিভুক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লক্ষ মানুষ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে নথিভুক্ত হয়েছে ৮০ লক্ষ মানুষ। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের ১৩০৩টি বেসরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। কিন্তু কোন রোগের চিকিৎসার জন্য কত টাকা খরচ হবে, তা এখনও বেঁধে দেয়নি সরকার। তবে বেসরকারি হাসপাতাল যাতে চুরি না করে, সেই বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
কার্ড না থাকলেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন, এই নিয়েও বড় বার্তা দেয় স্বাস্থ্য ভবন। এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, ১৬ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্প চালু হচ্ছে। এখনও পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন। এঁরা সকলেই রবিবার থেকে কার্ড ব্যবহার করতে পারবেন। রাজ্যে মোট ১৯৩০টি হাসপাতালে এই পরিষেবা পাবে। এর মধ্যে ১৩০৩টি বেসরকারি, বাকি সব সরকারি হাসপাতাল। এই সমস্ত হাসপাতালেই কার্ড না থাকলেও আপনি পরিষেবা পাবেন।
স্বাস্থ্যবিমার কার্ড না থাকলেও কীভাবে চিকিৎসা পাবেন ?
হাসপাতালে যাওয়ার পর দেখলেন সঙ্গে রাজ্য বা কেন্দ্রের স্বাস্থ্যবিমার কার্ডটি নেই। এক্ষেত্রে হাসপাতালে কীভাবে চিকিৎসা করবেন? স্বাস্থ্য ভবন সুত্রে জানা গিয়েছে, যদি সঙ্গে আধার কার্ড থাকে তবে হাসপাতালেই মিলবে স্বাস্থ্য বিমার পরিষেবা। আধার নম্বর মিলিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি এই বীমার অন্তর্ভুক্ত কিনা। হাসপাতালেই মিলবে ফর্ম, মিলবে সরকারি স্বাস্থ্য বিমার কার্ড।
স্বাস্থ্য ভবন থেকে জানান হয়েছে যে, বেসরকারি হাসপাতালে যাওয়ার পর আপনার আধার নম্বর দিলেই সেখান থেকে চেক করে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কোন কার্ডটি আছে। অর্থাৎ, আয়ুষ্মান ভারতের কার্ড, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড নাকি পূর্বের সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড। যে কার্ডটি থাকবে তার ভিত্তিতেই আপনি ভর্তি বা চিকিৎসা পরিষেবা পাবেন। যদি এই ৩টি কার্ড-এর মধ্যে কোনওটাই না থাকে, তবে রাজ্যের ১৩০০টি বেসরকারি হাসপাতালে গিয়ে আধার কার্ড দিলেই পাবেন আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ফর্ম। ফর্ম পূরণ করার পর, সরকারিভাবে যা নিয়ম আছে, সেই নিয়ম মতো পরীক্ষা-নিরীক্ষা করার পর আপনি পেয়ে যাবেন স্বাস্থ্য বিমার কার্ড। সুতরাং কার্ড না থাকলেও হাসপাতালে গিয়ে এই পদ্ধতিতে মিলতে পারে চিকিৎসা পরিষেবা।
