Bankura News: ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: স্বামীর মৃত্যুর পর শ্রাদ্ধের কাজ শেষ দিনে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার। মৃতার নাম মালতি ছাতাইত (৮০) । বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরের ঘটনা।
মৃতার পরিবার সূত্রে জানানো হয়েছে, গত শুক্রবারই ওই বৃদ্ধার স্বামী গোপাল ছাতাইতের শ্রাদ্ধের কাজ শেষ হয়েছে। আত্মীয়দের কেউ কেউ এখনও বাড়িতে রয়েছেন। তারই মধ্যে অন্যান্য দিনের মতো মাটির বাড়ির বারান্দায় শুয়েছিলেন বৃদ্ধা মালতী ছাতাইত। শনিবার ভোর ৪:১৫ নাগাদ মাটির দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরেই দেওয়ালের মাটি সরিয়ে যখন তাঁকে উদ্ধার করা হয় তখন সব শেষ!
বৃদ্ধার বৌমারা জানিয়েছেন, সরকারী আবাস যোজনা প্রকল্পে তাদের নাম ছিল, কিন্তু তারই মধ্যে ছেলে স্কুল শিক্ষকের চাকরী পাওয়ায় ওই তালিকা থেকে তাদের নাম বাদ যায়। যদি আগে এই বাড়ি পাওয়া যেতো তাহলে আজকের এই দিন দেখতে হতোনা বলে তারা জানান।
ঘটনাস্থল থেকে বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের নিয়ে নিয়ে যায়। এলাকায় শোকের ছায়া।
