Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়া: বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় গোপন ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নেশার সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে বলে পুলিশের দাবি। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিশেষ সূত্রে খবর আসে কেঠারডাঙ্গা এলাকার বাসিন্দা জাকির ভুঁইয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশার সামগ্রী মজুত করা হয়েছে। খবর পাওয়ার পরই পরিকল্পনা করে অভিযানে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। বাড়িটি চারদিক থেকে ঘিরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাড়ি থেকে উদ্ধার হয় ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ জানিয়েছে, প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে কাফ সিরাপ ছিল। এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে মোট ৩৩৪০টি নেশার ট্যাবলেট। বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধারের ঘটনায় বাড়ির মালিক জাকির ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিজের বাড়িতেই বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার সামগ্রী মজুত রাখতেন ধৃত। সেখান থেকেই বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় ওই সামগ্রী সরবরাহ করা হত বলে পুলিশের সন্দেহ। এই সরবরাহ চক্রের পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই কেঠারডাঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় ফের নেশার সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ নেশার সামগ্রী সরবরাহের গোটা চক্রের সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ।
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের
