Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি ‘চশমা ছাড়া গেছিলাম’
কলকাতা : শিরোনামে শ্রীলেখা। রবিবার থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার উদ্দেশে হাতে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন। আর সেই প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর যে ছবিটি সেখানে ছিল, সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুরুচিকর ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। রবিবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে।
শ্রীলেখা মিত্রকে নিয়ে অতীতেও নানারকম বিতর্ক হয়েছে। তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি হাতে নিয়ে বিক্ষোভের অভিযোগ। এ বিষয়ে বিতর্ক শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শ্রীলেখা মিত্র। তাঁর দাবি, তিনি পোস্টারটি না দেখেই হাতে নিয়েছিলেন। ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, “চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে। ওইরকম একটা ছোট পোস্টারে, মোদিজির বিলো-দ্য-বেল্টে চোখ যায়নি…কী করব বলুন তো ! … অতগুলো ছেলে প্রতিবাদে যাচ্ছিল, ওরা ছবি তুলতে এসেছিল। পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। পোস্টারটাকে ঘুরিয়ে দেখিইনি। সময়ও ছিল না, কারণ তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপর শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে।” এসব ব্যাখ্যা দেওয়ার পরও অভিনেত্রী পোস্টের ক্যাপশনে দাবি করেছেন, ‘ আমাকে অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন, আবার একটা আন্দোলনের জন্য আমি তৈরি’।
শ্রীলেখার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁর গ্রেফতারের দাবি জানান। কেয়া ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি প্রকাশ্যে প্রদর্শন করে শ্রীলেখা মিত্র আপত্তিকর আচরণ করেছেন।
এদিকে, বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও একই ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলেন, “শ্রীলেখা এরকম আগেও করেছেন। এই ধরনের কাজ সমর্থনযোগ্য নয়।”
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে শুরু হওয়া আন্দোলনের মাঝেই শ্রীলেখা মিত্রকে এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। যদিও অভিনেত্রীর দাবি, তিনি কোনও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্টার ব্যবহার করেননি; পরিস্থিতির মধ্যে না বুঝেই সেটি হাতে নিয়ে ছবি তুলেছিলেন। কিন্তু বিজেপি সমর্থক ও নেতানেত্রীরা , তা মানতে নারাজ। ইতিমধ্যেই তাঁরা অভিনেত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছেন।
