Suvendu Adhikari on Annapurna Yojana: ‘১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন’, মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে বেশ কিছু সরকার প্রকল্প নিয়ে কথা বললেন তিনি। জানালেন ওই জেলার অন্নপূর্ণা যোজনে প্রায় ১২ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। এ ছাড়াও তিনি বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রান্তিক মানুষরা প্রায় ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত মাসে পেতে পারেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন গঙ্গা ভাঙন নিয়েও বললেন, “আমরা এই জেলায় উন্নয়নের বিভিন্ন স্কিম রিভিউ করলাম। বেশ কিছু জিনিসও তাদের বললাম। এই দু মাস খুব বেশি সময় নয়। এর মধ্যে আমরা গঙ্গা ভাঙ্গন নিয়ে মুর্শিদাবাদ ও মালদার জন্য ৩ হাজার ৬০০ কোটি টাকার একটা প্রস্তাব জমা করেছি। এর ৫০ শতাংশ দেবে ভারত সরকার আর বাকি ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। এর মধ্যে ফরাক্কা থেকে ভগবানগোলা, লালগোলার মধ্যে বেশিরভাগটাই মুর্শিদাবাদে। প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছি। একটা স্থায়ী সমাধান হয়ে যাবে।”
মুর্শিদাবাদে প্রায় ১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “এখানে অন্নপূর্ণা যোজনার জন্য ১৫ লক্ষ মানুষ আবেদন করেছিল। ১২ লক্ষ মহিলা ১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।”
#WATCH | Behrampore, West Bengal: CM Suvendu Adhikari says, “We have submitted a proposal for the allotment of Rs 3,600 crore for the Ganges erosion for Murshidabad and Malda; 50% of it will be provided by the Centre and the other 50% by the State…Rs 2500 crore will be allotted… pic.twitter.com/6uI4hDg9eW
— ANI (@ANI) July 10, 2026
এ ছাড়াও তিনি বললেন, প্রশাসনকে বলা হয়েছে, যাতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা যায়। শুভেন্দু অধিকারী বলেন, “আমি এখানে প্রশাসনকে, জেলা শাসককে বলেছি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য। বিকশিত ভারত ও জি রাম জির অর্থাৎ ১০০ দিনের কাজ ও অন্যান্য যে সব সামাজিক সুবিধা রয়েছে, তার সঙ্গে আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের পর্যন্ত ভারত সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের যে প্রকল্প সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা প্রান্তিক পরিবার মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন স্কিম থেকে পেতে পারেন। পিএম কিষান সম্মান নিধি, কৃষক বন্ধু, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতাও বাড়ছে ৫০০ টাকা করে, ১২৫ দিনের কাজের ক্ষেত্রে দিনে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত পাবে। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন ও আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। এই সব বিষয়েই কথা হয়েছে। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে।”
