Weather Forecast: ঝোড়ো হাওয়ায় ওলটপালট, বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর প্রাবল্য, দুর্যোগের সতর্কতা কলকাতা-সহ একাধিক জেলায়
কলকাতা: উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে পার্বত্য এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ ও ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকবে। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
কেন এই বৃষ্টি?
উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা, যা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। এই দুই আবহাওয়াগত কারণের জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা?
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
তবে সোমবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার ও বুধবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে চরম দুর্যোগের আশঙ্কা
বর্তমানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
সপ্তাহের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে পারে এবং নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আপাতত মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের কোনও কোনও সময়ে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া।
আগামী কয়েক দিন শহরে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
