পরতে পরতে চমকের সাক্ষী থাকল দিল্লি। তৃণমূলের বিদ্রোহী সাংসদ-রা মিশে গেলেন NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। রবিবার সন্ধেয় লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার বললেন, আমরা তৃণমূল সাংসদরা NCPI-র সঙ্গে জুড়ে যাচ্ছি।প্রধানমন্ত্রীর নেতৃত্বে NDA-র সঙ্গে কাজ করব।
দীর্ঘ জল্পনা-আলোচনা-বৈঠকের পর বিদ্রোহী তৃণমূল সাংসদরা মিশে গেলেন NCPI নামে একটি অচেনা দলের সঙ্গে! বিদ্রোহীদের তালিকায় স্পিকারের সামনে সই করলেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ও। এখন প্রশ্ন হল, এবার তাঁর স্ত্রী নয়না বন্দ্য়োপাধ্য়ায় কী করবেন?
বিধানসভা থেকে লোকসভা, রাজ্যসভা। রোজই একটু একটু করে ভাঙছে তৃণমূল। অন্যদিকে, বাড়ছে তৃণমূলেরই বিদ্রোহী ব্লকে সৈন্যসংখ্যা। আর দল ছাড়ার সময় এই বিদ্রোহীদের অধিকাংশেরই নিশানায় রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কেউ ঘুরিয়ে তাঁর সমালোচনা করছেন। কেউ আবার সরাসরিই ঘোষণা করছেন, তাঁরা নেতা হিসেবেই মানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
শেষমেশ, সুর বাঁধা হল রবিবাসরীয় রাতে। তৃণমূলের বেসুরো সাংসদরা মিশে গেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI নামে একটি দলের সঙ্গে। এই পরিস্থিতিতে যাঁরা এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলে রয়েছেন, তাঁদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাত বাধছে।
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, CID জানতে চায়, আসল রেজোলিউশন বুক কার কাছে? অনুপস্থিত বিধায়কদের হয়ে সই কারা, কার নির্দেশে করেছিলেন?
