কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন ‘কাকলির প্রথম স্টুডেন্ট’ শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
কলকাতা : ভোটে হারার পর থেকেই তাঁকে দেখেননি কেউই। তিনি শশী পাঁজা!তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী। আবার প্রসিদ্ধ চিকিৎসকও বটে ! কোথায় তিনি, দেখা নেই! খবর নেই! কিন্তু, সম্প্রতি না কি তিনি তৃণমূলের বিদ্রোহী ও NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেছেন। তাই? তবে কি প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা কি কালীঘাটের সঙ্গ ছাড়ছেন? এবার কি শশী পাঁজাও শিবির বদলে বিজেপি ঘেষা হতে চলেছেন?
শোনা যাচ্ছে, NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক করেছেন। এই জল্পনার উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ডা. শশী পাঁজা এখনও ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে কাজ করেন। অন্যদিকে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও দাবি করলেন, শশী পাঁজা কালীঘাট-তৃণমূলের সঙ্গেই আছেন। যদিও শশী পাঁজা কী বলছেন, প্রশ্ন এখন সেটাই।
এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের IVF কেন্দ্রে, দু’জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং তিনজন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাঁদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে।’
তাহলে তাঁদের মধ্যে আছেন শশীও ? কিন্তু শশী পাঁজা নিজে কী বলছেন? সোমবার শশী পাঁজার গিরিশ পার্কের বাড়ি, পার্টি অফিস, কোথাও তাঁর দেখা মেলেনি। তবে এদিনও ভবানীপুরের ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে গিয়েছিলেন শশী পাঁজা। তবে দুপুরেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। শশী পাঁজার মেয়ে, প্রাক্তন কাউন্সিলর পূজা পাঁজার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজেরও কোনও জবাব দেননি।
