রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
বীরভূম, রামপুরহাট : নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে ছিল রাস্তা। সেই রাস্তার নাম আচমকাই বদলে দেওয়া হয়েছে। এবার রাস্তার নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এই নিয়ে বীরভূমের রামপুরহাটে শুরু জোরদার বিতর্ক। রাতারাতি বদলে গিয়েছে রামপুরহাটের একটি রাস্তার নাম। শ্যামাপ্রসাদের নামাঙ্কিত গেরুয়া রঙের বোর্ডও বসানো হয়েছে রাস্তায়।
রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত জানিয়েছেন, ‘বিজেপির তরফ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাস্তা তৈরি করবে বলে জানানো হয়েছিল। প্রস্তাব আমাদের কাছে এসেছিল। আমরা উপরে সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দিয়েছি। এখানে চেয়ারে বসে আমি তো হঠাৎ করে কোনও রাস্তার নাম বদলে দিতে পারি না। তার আইনি বাধ্যবাধকতা আছে। কোনও মনীষীর নামে নামকরণ থাকলে তো ওভাবে পরিবর্তন সম্ভব নয়। যদি কোনও ফাঁকা জায়গা থাকে, ফাঁকা রাস্তা আছে, নামকরণ নেই, সেক্ষেত্রে নামকরণ করার প্রক্রিয়া আছে, তার মধ্যে দিতে যেতে হবে। আমাদের দরখাস্ত দেওয়া হয়েছিল। সেই আবেদন নিয়েছি। এবার আমাদের যা প্রক্রিয়া তা করব। এখনও পর্যন্ত রাস্তার যে নাম রয়েছে, সেটাই আছে।’
‘নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়…’, কী জানালেন শমীক ভট্টাচার্য
সিপিএমের বীরভূম জেলা কমিটির সম্পাদক সঞ্জীব মল্লিকের কথায়, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে, জন্মদিন পালনের নামে, এই রাস্তার নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এর তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। আমি জানি যে এখানকার বিধায়ক রামপুরহাটকে কতটুকু চেনে, জানে। এটা নিয়ে প্রশ্ন রয়েছে আমার। এখানকার যে পৌরপতি তাঁর তো বলে দেওয়া উচিত ছিল। এর তীব্র বিরোধিতা চলছে। রামপুরহাট শহরের আপামর জনগণ এর তীব্র বিরোধিতা করছে।’
অন্যদিকে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলছেন, ‘যারা নেতাজিকে হিটলারের দালাল বলেছিল, তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান করার জ্ঞান আমাদের নিতে হবে। নেতাজি আমাদের অন্তরে, নেতাজি আমাদের হৃদয়ে। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের জানিয়েছিলেন ওই রাস্তার নাম ফাঁকা আছে। তাই নামকরণ করা হয়েছে। নেতাজিকে আমরা যেভাবে সম্মান দিই, সেভাবেই দেব। নেতাজির চিন্তাধারা আমাদের হৃদয়ে। সিপিএমের কাছে নেতাজির কথা শুনব না, যারা জীবিত বা মৃত অবস্থায় বারবার তাঁকে অপমান করেছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষণে নেতাজির নাম। যারা বিতর্ক তৈরি করছে, বিতর্ক করার জন্যই তাদের জন্ম হয়েছে।’
