Voice of Eastern India

তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির


কৃষ্ণনগর : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির প্রণতি বিশ্বাস।গত ২ জুলাই অনাস্থা ভোটে অপসারিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। জেলা পরিষদের মোট ৫২ জন সদস্যের মধ্যে ৩১ জন তারান্নুমের বিরুদ্ধে ভোট দেন। ভোটাভুটিতে বিজেপির ৬ জন সদস্য অনুপস্থিত ছিলেন। অনাস্থা ভোটে জেলা পরিষদের সভাধিপতি অপসারণের পর আজ ছিল সভাধিপতি নির্বাচন। বিজেপির ৬ জন সদস্য ও ১৫ জন তৃণমূল সদস্য বিজেপি প্রার্থী প্রণতি বিশ্বাসের পক্ষে ভোট দেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপি সদস্যা প্রণতি বিশ্বাস।

সভাধিপতি নির্বাচিত হওয়ার পর প্রণতি বিশ্বাস বলেন, “আমরা ক্ষমতায় এসেছি। প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়। কারো একার নয়। দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে…পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ…যেভাবে দুর্নীতি হচ্ছিল… আপনারা দেখেছেন ২০২৩ সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেক সদস্য জয়ী সদস্য ছিলাম, কিন্তু জোর করে আমাদের সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়েছিল। কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম।”

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “বিপক্ষ যারা আমাদের…তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারেনি। যারা হাজির হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, তাঁরা ভোট দিয়েছেন এবং তাঁরা সমর্থন দিয়েছেন…এখানে কোনও রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য। এমনিতেই চৈতন্যের জেলা। তাই এখানে হিংসামুক্ত সকলের জন্য…চৈতন্যদেব যেমন সমান দৃষ্টিতে দেখতেন…আমরাও আগামীদিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে…একদম কোনও রাজনৈতিক রং না দেখে…সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা করে যাব।” 

রাজ্যে পালাবদলের পর এর আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এসেছিল বিজেপির হাতে। তৃণমূল কংগ্রেসের হাত থেকে গেরুয়া শিবিরের হাতে চলে আসে ওই জেলা পরিষদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদে বোর্ড গঠন করে বিজেপি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছিলেন, “অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। সকল সম্মানিত সদস্য ও সদস্যাগণ সর্বসম্মতিক্রমে বামদেব গুছাইতকে সভাধিপতি ও বাঁসুরি পণ্ডিতকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেছেন।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.