সৌমিত্র রায়, কলকাতা : বিড়লা প্ল্যানেটোরিয়ামে ‘কালীঘাট-তৃণমূল’-এর ২১ জুলাইয়ের সমাবেশের ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সভাস্থলেই বসে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত ১১টা ৪০ মিনিট নাগাদ সমাবেশ স্থলে চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-রা। এখানে আসার পর তাঁরা অভিযোগ করেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাইয়ের যে মঞ্চ করা হয়েছে তা শাসকদলের তরফে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে। এই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নেতৃত্ব এখানে চলে আসেন। সারা রাত ধরে মঞ্চের সামনে বসে থাকেন। সকাল সাড়ে ৬টা নাগাদও মমতা বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে দেখা গেছে। মধ্যরাতে ৩টে নাগাদ মঞ্চের পিছনের দিকে ঝামেলা হয়। মাইকের তার ছিঁড়ে দেওয়া হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ইলেক্ট্রিসিয়ানদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
এনিয়ে ‘কালীঘাট তৃণমূল’-এর তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু, পুলিশ এবিষয়ে নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে। সভামঞ্চের পিছনে রবীন্দ্রসদনের দিকে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মমতা।
এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আদালতের রায় নিয়ে সভা, মঞ্চ পাহার দিতে-হামলা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারারাত রাস্তায় বসে থাকতে হচ্ছে। ১০টায় হামলা করল। একটা দুষ্কৃতী গ্যাং এল। ভাঙচুর করল। সারারাত দফায় দফায় করেছে। এখনও আমাদের সভা ঘিরে যে মাইকগুলো আছে, সেখানে যে ইলেক্ট্রিসিয়ানরা রয়েছেন তাঁদের মারছে। তার কেটে দিচ্ছে। আবার লাগালে, তা কেটে নিয়ে চলে যাচ্ছে। এখন এসে হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে জিনিস কী করে খুলে নিয়ে যাও দেখব। এটা কী ইয়ার্কি হচ্ছে ? ২১ জুলাই, শহিদ তর্পণ…প্রত্যেক বছরের কর্মসূচি। সেটা আদালতের অনুমতি নিয়ে এখানে করা হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়…মুখে নাকি তৃণমূল এই, তৃণমূল ওই, তৃণমূলকে তো ভাঙতে এরা সবাই মিলে নেমেছে। পুলিশ প্রশাসন একটা সভা করতে…ভয় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাচ্ছেন। আর যাদের বিজেপি অর্গানাইজ করে দিচ্ছে, সেখানে কড়াকড়ির বালাই নেই। এখানে গুন্ডারা ঘুরে বেরাচ্ছে কীভাবে মঞ্চ ভাঙবে, তার কাটবে…এটা কোনও কথা ! সারারাত মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়। সাংসদ দোলা সেন থেকে শুরু করে কর্মী-সমর্থক সবাই তাঁরা রাস্তায়। 21 July Rally Mamata Banerjee
