Agnimitra Paul: ‘সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?’ অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
কলকাতা: চিকিৎসার জন্য কি বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এর জন্য সেই হাইকোর্টের নির্দেশের অপেক্ষা করতে হবে তাঁকে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এবার হাইকোর্টে মামলা ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট।এক সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সুপ্রিম কোর্ট।
এই মামলাটি এখনও বিচারাধীন বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে। কয়েকদিন আগেই এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনও মেডিক্যাল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না, এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত SSKM-এ করানোর পরামর্শ দিয়েছিল আদালত।
এ প্রসঙ্গে এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘চিকিৎসা ব্যবস্থার যা অবস্থা করে রেখেছিল তাতে যেকোনও সময়ই বিদেশ পালাতে হতে পারে। তবে আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেব। এখন সিস্টেমের তো অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে না। আমাদের মতো মানুষে বেড শেয়ার করতে হয়. একটা বেডের মধ্যে দুজন পেশেন্ট থাকে. ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গল বেড দেব. ভালো ডাক্তার দেব. কোনো দু নম্বরি ওষুধও হবে না। সেবাশ্রয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে. ওনার ক্ষেত্রে সেটাও হবে না। সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছি। ওনাকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, দুবাই, উজবেকিস্তান ওনার টুলু মণ্ডলের মতো যেতে হবে না। আরে উনি তো এমনি সেমনি ব্যক্তি নয়। যুবরাজ বলে কথা।’
এদিকে, বিদেশে চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টে জমা দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটে গরমিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। রাজ্য সরকারের মেডিক্যাল কাউন্সিলে ঠুকলেন নালিশ। তাঁর দাবি, বিদেশযাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে নথি জমা দিয়েছেন, তার মধ্যে মেডিক্যাল সার্টিফিকেটে রয়েছে বড়সড় গরমিল। তাতে না আছে সেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর, নেই কোনও ঠিকানাও! বিদেশে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের চোখের চিকিৎসার করানোর আবেদন এর আগে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।
