উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁর গ্রেফতারির দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে বিরোধীরা। জম্মু থেকে গুয়াহাটি, লখনউ, পটনা, চণ্ডীগড়, দেহরাদুন, দিকে দিকে চলে বিক্ষোভ। কলকাতাতেও পথে নামে প্রদেশ কংগ্রেস। বিক্ষোভ দেখায় বামপন্থী মহিলা সংগঠন All India Democratic Women’s Association-ও। অন্যদিকে, এদিনই, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল পিটিশন।
‘দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের’ একটা প্রতিবেদন। তাতেই তোলপাড় পড়ে গেছে দেশজুড়ে। মুখ্য় নির্বাচন কমিশনার পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁর গ্রেফতারের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। দেশজুড়ে বিক্ষোভে নেমেছে বিরোধীরা।
দিল্লিতে যন্তরমন্তরের সামনে, কংগ্রেসের বিক্ষোভে ঘিরে শুক্রবার তুলকালাম বাধে, দিল্লিতে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ দেখায় SFI. জম্মুতে কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন-সহ বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। জম্মু থেকে গুয়াহাটি, লখনউ, পটনা, চণ্ডীগড়, দেরাদুন…দিকে দিকে চলে বিক্ষোভ, স্লোগান।
এ প্রসঙ্গে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা বলেন, “সান্ধু জি এবং জোশী জি খেলা ভেস্তে দিয়েছেন। সবকিছু সামনে এসে গিয়েছে। আপনার খেলা শেষ। রাজসাক্ষী হলে বেঁচে যাবেন, না হলে ট্রায়ালের জন্য তৈরি হয়ে যান। মোদি বাঁচবেন না, অমিত শাহ বাঁচবেন, না জ্ঞানেশবাবু আপনি বাঁচবেন।”
সারা দেশের পাশাপাশি এরাজ্যেও মুখ্য় নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেফতারির দাবিতে পথে নামে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “শুধু পদত্য়াগ করলে হবে না। জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে, যাতে পালিয়ে যেতে না পারে। জ্ঞানেশ কুমারকে সমস্ত পাসপোর্ট বাতিল করতে হবে।”
একই দাবিতে এদিন পথে নামে বামপন্থী মহিলা সংগঠন All India Democratic Women’s Association-ও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এই SIR রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই SIR-এ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চেরও সায় নেই। জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে হবে, তাঁকে আইনের আওতায় আনতে হবে। শাস্তি দিতে হবে। মনোজ আগরওয়ালকেও বাদ দেওয়া যাবে না।”
পাল্টা বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিন্হা বলেন, “জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে যে নির্বাচন করে দেখিয়ে দিয়েছেন, রক্তপাত নেই…মৃত্যু নেই, হানাহানি নেই। আমি তো বলব, উপযুক্তভাবে সম্মান পাওয়ার যোগ্য জ্ঞানেশ কুমার। আর ওরা চিৎকার করছে কারণ ওদের সঙ্গে মানুষ নেই, তাই জিততে পারে না। মানুষ ভোট দেয় না তাই জেতে না। জ্ঞানেশ কুমারের নামে গালাগালি করে কী হবে ? ”
এই আবহে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল পিটিশন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, ফৌজদারি পদক্ষেপের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টে দাখিল হওয়া পিটিশনে বলা হয়েছে, SIR প্রক্রিয়ায় সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছেন জ্ঞানেশ কুমার। দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিয়েছেন, বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত ও নির্দেশিকাগুলিকে বাতিল ঘোষণার দাবি করা হয়েছে পিটিশনে।
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
