Voice of Eastern India

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির


কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস প্রয়াত। তাঁর মৃত্যুতে এবার বিজেপি-কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মিথ্যে মামলায় ফাঁসিয়ে ৪৯ দিন জেলে রাখা হয়েছিল উজ্জ্বলকে। প্রচণ্ড শারীরিক এবং মানসিক কষ্টে ছিলেন তিনি। হুমকি পাচ্ছিলেন লাগাতার। দেখা করে যন্ত্রণার কথা জানিয়েছিলেন উজ্জ্বল। শিবির বদল করতে চাননি বলে উজ্জ্বলকে অত্যাচারিত হতে হয়েছে বলে অভিযোগ মমতার। তাঁর বক্তব্য, ‘বিজেপি-র প্রতিহিংসার রাজনীতির শিকার উজ্জ্বল বিশ্বাস’। (Ujjal Biswas Death)

বুধবার ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উজ্জ্বল। আর তার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে আমি শোকাহত। তিনি শুধুমাত্র আমার সহকর্মী ছিলেন না, বহু বছরের সম্পর্ক আমাদের। তিনি তৃণমূল-কংগ্রেস পরিবারের নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে দলের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যু আরও বেদনাদায়ক হয়ে উঠেছে এই কারণে যে জীবনের শেষ মাসগুলিতে কত কী সহ্য করতে হয়েছিল তাঁকে। কয়েক মাস আগে নৃশংস হামলা চালানো হয় ওঁর উপর। কারাবন্দি করে রাখা হয় ৪৯ দিন। মিথ্যে মামলায় ফাঁসিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক যন্ত্রণা চালানো হয়’। (Mamata Banerjee)

উজ্জ্বল তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেও জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘আমার সঙ্গে দেখা করতে এসে জানান, কী নির্যাতন চালানো হয়েছে, কত অপমান করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে—কারণ তিনি নিজের রাজনৈতিক মতাদর্শ ত্যাগ করতে রাজি হননি। দলবদল করতে অস্বীকার করেছিলেন। ওঁর কথায় কতটা যন্ত্রণা ছিল, কখনও ভুলতে পারব না আমি। তাঁর এই ভোগান্তি একটি ভয়াবহ সতর্কবার্তা, যা থেকে বোঝা যায়, বিজেপি বাংলায় প্রতিহিংসা, ভীতি প্রদর্শন এবং নিপীড়নের রাজনীতি শুরু করেছে। মাথানত করতে রাজি না হলে অকথ্য নির্যাতন নেমে আসে। কোনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এমন নিষ্ঠুরতাকে সমর্থনযোগ্য করে তুলতে পারে না। রাষ্ট্রীয় ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার করে তোলার অধিকার নেই কোনও সরকারের। এমন একজনকে হারালাম, যাঁর সঙ্গে আমার বহু বছরের বিশ্বাস, স্নেহ এবং সংহতির সম্পর্ক ছিল’।

রাজ্যে পালাবদলের পরও মমতার হাত ছাড়েননি উজ্জ্বল। সেই কথা স্মরণ করে মমতা লেখেন, ‘সব প্রতিকূলতার মধ্যেও আদর্শে অবিচল ছিলেন উনি। এভাবেই চিরকাল মনে রাখব ওঁকে’। যদিও রাজ্য বিজেপি-র মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা মমতাকে আক্রমণ করেছেন। এবিপি আনন্দে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে লুঠের ব্যবস্থা করেছিলেন, অনিচ্ছা সত্ত্বেও অনেকে তার মধ্যে ঢুকতে বাধ্য হয়েছিল। আইন তাদের ছাড়েনি, তাড়া করে বেড়াচ্ছে। কৃতকর্মের উত্তর দিতে হবেই। যারা ব্যবস্থা তৈরি করেছিলেন, মমতা এবং অভিষেকই এই ধরনের মানুষগুলির নৈতিক অধঃপতন এবং জেলযাত্রার জন্য দায়ী। যদি এমন কিছু হয়ে থাকে, যা মমতা বলছেন, তার জন্য মমতা এবং অভিষেকই দায়ী।”

আরও পড়ুন: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরাজয়ের পরও মমতা-তৃণমূলে ছিলেন

কৃষ্ণনগর দক্ষিণের তিন-তিনবারের বিধায়ক ছিলেন উজ্জ্বল। মমতার আমলে মন্ত্রীও ছিলেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান উজ্জ্বল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটলে পরাজিত হন তিনি। এর পর গ্রেফতার করা হয় তাঁকে। বাড়িতে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার করা হয়। এলোপাথাড়ি ডিমও ছোড়া হয় তাঁকে লক্ষ্য় করে। যদিও উজ্জ্বলের পরিবারের দাবি ছিল, তিনি ত্রাণসামগ্রী চুরি করেননি। বিধায়কের কোটায় সেগুলি পেয়েছিলেন, যাতে বিপদের সময় বিলি করা যায়। পালাবদলের পর বিডিও-কে চিঠি লিখে সেগুলি নিয়ে যেতেও বলেছিলেন। সেই মতো পুলিশ আসতেই বিজেপির লোকজন ঝামেলা পাকায়। 

প্রথম মামলায় বেশ কিছু দিন জেলে ছিলেন উজ্জ্বল। সেই মামলায় জামিন পেলেও, অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাঁকে। পরে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও, সেই থেকেই উজ্জ্বলের শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ। পুজোর সময়ই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁকে দেখতে যান মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। মিথ্যে মামলায় উজ্জ্বলকে জেলে পোরা হয়, তাঁকে অত্যাচার করা হয় বলে অভিযোগ তোলেন। শারীরিক অসুস্থতার জেরে আগের মতো সক্রিয় না থাকলেও, শেষ দিন পর্যন্ত মমতা-তৃণমূলেই ছিলেন উজ্জ্বল।

আরও পড়ুন: জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.