Voice of Eastern India

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?


পুজোয় কি বৃষ্টি হবে? এই প্রশ্ন প্রতি বছরের। ক্যালেন্ডারে শরৎ এলেও, আকাশে এখনও কালো মেঘের রাজত্ব। তাই প্যান্ডেলের বাঁশ বাঁধা শেষ হলেও মনে চিন্তা, পুজোটা আবার বৃষ্টিতে ভাসবে না তো? পুজোর আবহাওয়া নিয়ে আইএমডি এখনও কোনও পূর্বাভাস না দিলেও, এবিপি লাইভ খোঁজ নিয়েছিল ওয়েদার আলটিমার কর্ণধার আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কার কাছে। পুজোয়  কলকাতা ও অন্যান্য জেলার  আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে আগ্রহ সকলেরই। বিভিন্ন নিউমেরিক্যাল ওয়েদার মডেল বিশ্লেষণ করে  পুজোর দিনগুলির জন্য আবহাওয়ার একটি প্রাথমিক পূর্বাভাস দিলেন তিনি। তাঁর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিনগুলোয় রোদ ও মেঘের লুকোচুরিই চলবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

অক্টোবরের ১০ তারিখে মহালয়া।  সেইদিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এখনও কোনও দুর্যোগ-বার্তা নেই। এই দিনই বেশির ভাগ প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হয়। তাই এদিনের আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপূর্ণ বটে। 

মহালয়া থেকে চতুর্থী পর্যন্ত, অর্থাৎ ১১ থেকে ১৫ অক্টোবর স্থানীয়ভাবে একটু বৃষ্টি হতে পারে। এবার আসি পুজোর ৫ দিনের কথায়।১৬ অক্টোবর পঞ্চমীতে আর্দ্রতাজনিত অস্বস্তি তুলনামূলক বেশি থাকতে পারে। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

এরপর ১৭ ও ১৮ অক্টোবর  ষষ্ঠী ও সপ্তমী। এই দুই দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আবহবিদ । এখনও পর্যন্ত আবহাওয়ার গতিপ্রকৃতি বলছে,  বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি কেমন থাকে, তার উপর অনেকটাই নির্ভর করবে বৃষ্টি কতটা হবে, কোথায় হবে। দুপুরের পর কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৯ ও ২০ অক্টোবর মহাষ্টমী ও মহানবমীতে বাতাসে আর্দ্রতা বেশি থাকতে পারে। এই দুই দিন, বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কিছু অংশে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তাপমাত্রা সর্বোচ্চ ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিন পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক থাকারই কথা । আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর হালকা বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় একেবারে টানা বৃষ্টি একটু কম হতে পারে। তবে আবহাওয়া যে কোনো মুহূর্তে বদলাতে পারে। দুর্গাপুজো আসতে এখনও অনেকটা সময় বাকি। তাই পরিস্থিতি বদল হতেই পারে। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.