কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্গাপুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? সেই বিষয়ে বিশেষ পূর্বাভাস প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর। ৯ অক্টোবর প্রকাশিত ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়ার দিন দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।
দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যে এই পূর্বাভাস স্বস্তি দিতে পারে পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষকে। যদিও পরবর্তী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। বিশেষ করে ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কোন দিন কোথায় বৃষ্টির সম্ভাবনা?
মহালয়া: বিক্ষিপ্ত বৃষ্টি
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস।
১১–১৩ অক্টোবর- বৃষ্টির সম্ভাবনা কম
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সর্বোচ্চ ও ২৫ ডিগ্রি সর্বনিম্নের আশপাশে থাকতে পারে।
১৪ অক্টোবর, কয়েকটি জেলায় হালকা বৃষ্টি
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
১৫–১৭ অক্টোবর- পুজোর শুরুতে বৃষ্টির আশঙ্কা
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকার পূর্বাভাস।
১৮–১৯ অক্টোবর- বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে
দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
২০–২২ অক্টোবর- আবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে ১০ অক্টোবর এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে ১৬ ও ১৭ অক্টোবর উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।
কলকাতার তাপমাত্রা কত থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের ৯ অক্টোবরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ১০ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ১১ থেকে ১৩ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। ১৫ থেকে ১৭ অক্টোবর বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
