শিলং: বিজেপিতে যাবেন না। অন্য কোনও সর্বভারতীয় দলেও নয়। কারও সাধ্য নেই, তৃণমূল কংগ্রেসে চিড় ধরায় ! এভাবেই হুঙ্কার ছাড়লেন মেঘালয়ের বিরোধী দলনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা। সম্প্রতি জল্পনা তৈরি হয়, সাংমা নাকি যোগ দিচ্ছেন বিজেপিতে। সেই দাবি উড়িয়ে তিনি বলেন, মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা কোনওভাবেই সফল হবে না।
সাংমা স্পষ্ট করে দেন, বিজেপি বা অন্য কোনও জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা তাঁর নেই। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় মেঘালয়ের তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা বলেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না, অন্য কোনও রাজনৈতিক দলেও নয়। সাংমা আরও বলেন, ‘ বিজেপির সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে মেঘালয়ের রাজনৈতিক দলগুলোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ সিদ্ধান্ত জনগণই নেবে, বিধায়ক বা তাদের কর্মীরা নয়’, সাংমা বলেছেন।
সম্প্রতি উত্তর-পূর্বের মেঘরাজ্যে নিজেদের রাজনৈতিক সংগঠন পোক্ত করার চেষ্টায় আছে বিজেপি। তারই মধ্যে জল্পনা তৈরি হয়,ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)-র আট বিধায়ক নাকি বিজেপিতে যোগ দিতে পারেন !যদি এই আট বিধায়ক বিজেপি শিবিরে যান, তাহলে মেঘালয়ে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে ১০ হতে পারে । আর তা হলে মেঘালয়েও তৃণমূলের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। কিন্তু বিজেপি-যোগের কথা সোজাসুজি উড়িয়ে দিলেন সাংমা। তবে তাঁর সঙ্গে কি বিজেপি যোগাযোগ করছে ? সেই প্রশ্নের উত্তর অবশ্য সরাসরিএড়িয়ে গিয়েছেন সাংমা। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করছেন না। তবে তারা আমার সঙ্গে যোগাযোগ করলেও, আপনাদের জানাব না। সাংমার কথায়, বিজেপি অনেকের সঙ্গেই তাঁর যোগাযোগ হতে পারে। তবে তিনি বিজেপিতে যাচ্ছেন না।
২০২১ সালে কংগ্রেসের একাধিক নেতা মুকুল সাংমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার পর থেকেই মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের উত্থান। আর এখন তারাই সে-রাজ্যে প্রধান বিরোধী শক্তি। ইদানীং মেঘালয়ে বিজেপি নিজেদের জমি শক্ত করতে চাইছে। বিভিন্ন দলের বিধায়কদের সঙ্গে নাকি কথাবার্তাও চলছে। এই পরিস্থিতিতে সাংমা স্পষ্ট করে দিয়েছেন, তিনি তৃণমূলেই থাকছেন। তবে বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। এখন আগামী দিনে মেঘালয়ের রাজনৈতিক সমীকরণ কোনদিকে এগোয় সেটাই দেখার।
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
