Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
কলকাতা: একদিকে আবাস যোজনার নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। অন্যদিকে সমবায় সেক্টরে বিপর্যয়ের আশঙ্কা। বুধবার নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করলেন মুখ্যমন্ত্রী। তারপর প্রাক্তন তৃণমূল সরকারকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। তুলে ধরলেন সেই আমলের দুর্নীতির প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর পাশাপাশি, মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
তৃণমূল সরকারের আমলে বারবার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধী বেঞ্চে থাকাকালীন যাকে হাতিয়ার করে আক্রমণ শানাতে দেখা গেছে বিজেপিকে। এবার সেই একই অস্ত্রে আগের রাজ্য সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী থেকে পঞ্চায়েত মন্ত্রী। বুধবার নবান্ন থেকে রাজ্যের সমবায় দুর্নীতি নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কো-অপারেটিভ সেক্টরে পশ্চিমবঙ্গে কোনও কাজ লাস্ট ১৫ বছরে আগের সরকার করেনি। তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিচ্ছেন টাকা নিলে শোধ করবেন না। নিয়মিত অডিট হয়নি এবং ডিজাস্টার হয়ে গেছে কো-অপারেটিভ সেক্টরে। ”
আরও পড়ুন – সমবায় দফতরে নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর, OBC-জট কাটিয়ে কীভাবে চাকরি দিলেন ? জানালেন নিজেই
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কারণেই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বহু যোগ্য মানুষজন। তিনি বলেন, ”প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসের সার্ভে চলছে। ৩০ হাজার কোটি টাকা এবং ৪০ লক্ষ ইউনিট আবাস যোজনার বাড়ি আগের সরকারে আমলে দিয়েছে। তাঁর অর্ধেকের বেশি লুঠ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গে এখনও ৪৭ লক্ষ মানুষের আবাস তৈরি হয়নি। এর জন্য দায়ী আগের দুর্নীতিগ্রস্ত সরকার।”
মুখ্যমন্ত্রীর পাশাপাশি, এই সেক্টরের দুর্নীতি নিয়ে মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি বলেন, ”বিগত সরকারের দুর্নীতির জন্য লোকসান হয়েছে রাজ্যের। সেক্ষেত্রে ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত ছিল বাংলার মানুষ। কেন ? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কারণে।”
উল্লেখ্য, বুধবার, নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী জানান, OBC জট কাটিয়ে এই নিয়োগ করা হয়েছে। আগের সরকারের আমলে পরীক্ষা হত কিন্তু নিয়োগ হত না। কিন্তু সমস্ত জট কাটিয়ে নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করছে। তিনি বলেও জানান যে,গত ১৫ বছরে আগের সরকার কোনও কাজ করেনি, আগের সরকারের আমলে সমবায় ক্ষেত্রে বিপর্যয় দেখা দিয়েছিল। নিয়োগের ক্ষেত্রে আগের সরকার যে ভুল করেছিল, এই সরকার করবে না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
