Voice of Eastern India

North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম


রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সপ্তাহান্তে বৃষ্টি কমার কথা বললেও, আগামী কয়েকটা দিন পাহাড়ে বৃষ্টি চলবেই। অতি বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে বিপজ্জনকভাবে। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে, আজও ভয়ানকভাবে ফুঁসছে তিস্তা নদী। তার ওপরে আজ আজ সকালে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তিন হাজার কিউসেক। তিস্তার জল ঢুকে প্লাবিত ময়নাগুরি ব্লকের বাসুসুবা গ্রাম। গ্রামে জল ঢুকে যাওয়ার ফলে, প্রায় ৪০০ পরিবার জলবন্দি হয়ে রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিতে ডুয়ার্সের কুচি ডায়না সেতুর কাছে জাতীয় সড়ক-১৭-এর কিছুটা অংশে ধস নেমেছে। সব মিলিয়ে বিপজ্জনক হয়ে আছে পরিস্থিতি। ঝুঁকি নিয়েই যান চলাচল চলছে নাগরাকাটায়।

প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, ব্যহত যান চলাচল

টানা বৃষ্টিতে ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে, ডুয়ার্স ও অসমকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক-১৭-এর লুকসান-কুচি ডায়না সেতুর কাছে রাস্তার একাংশ ধসে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেতুর সংলগ্ন এলাকায় ভূমিধসের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। গত কয়েকদিন ধরে ডুয়ার্স ও ভুটানের পাহাড়ি এলাকায় লাগাতার ভারী বৃষ্টির ফলে, ডায়না নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে।  নদীর প্রবল স্রোত ও ভাঙনের জেরে সেতুর মুখের দিকের রাস্তার একাংশ ধসে পড়েছে। ফলে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বলা বাহুল্য, এই সড়কটি ডুয়ার্স ও অসমের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। এদিকে পুলিশ ক্ষতিগ্রস্ত অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে গাড়ির চলাচল। পাশাপাশি যানবাহন চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীর গতিতে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গে আবহাওয়া?

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ, একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। পার্বত্য এলাকার একাধিক জায়গায় ধস নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। আজ মঙ্গলবার কলকাতার একাধিক জায়গাতেই ঘনিয়ে আসে অন্ধকার। কিছু কিছু জায়গায় দফায় দফায় বৃষ্টিও হয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, সেখানের অধিকাংশ জেলাতেই অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

 

আরও পড়ুন: Chaiti Ghoshal: ‘নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?’, প্রশ্ন চৈতি ঘোষালের?

 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.