TMC Cutmoney Pay: আবাস যোজনার নামে টাকা তুলেছিলেন, এবার সেই কাটমানি ফেরত দিলেন পঞ্চায়েতের তৃণমূল নেতা
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পালাবদলের পর কাটমানি ফেরত দিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র লায়া আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে ৪৫ জন উপভোক্তার কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছিলেন। স্থানীয়দের একাংশের দাবি, রাজ্যে বিজেপির সরকার আসতেই সেই সব টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। তবে তৃণমূল নেতার অভিযোগ, এর সঙ্গে পঞ্চায়েত ও দলের উচ্চপদস্থ নেতারা জড়িত রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, ২৫২ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র লায়া আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে প্রায় ৪৫ জন উপভোক্তার কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছিলেন। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে রবিবার পাতিবুনিয়া এলাকায় বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি সেই টাকা ফেরত দেন।
তবে তাঁর দাবি, ব্যক্তিগতভাবে তিনি কোনও টাকা নেননি; পঞ্চায়েতের চাপে টাকা তুলে জমা দিতে হয়েছিল। তিনি অভিযোগ করেন, এই দুর্নীতির সঙ্গে পঞ্চায়েত ও দলের উচ্চপদস্থ নেতারা জড়িত। পাশাপাশি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
