International Space Education: আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
কলকাতা: আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় (International Space Education Workshop) অংশ নেওয়ার সুযোগ পেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছাত্রী মধুমিতা মাইতি । আগামী অগাস্টে দিল্লিতে আয়োজিত এই কর্মশালায় বিশ্বের ১০৮টি দেশের ছাত্রীরা অংশ নেবে । ভারতের ১৪ থেকে ১৮ বছর বয়সি ২১ জন স্কুলছাত্রী এই কর্মশালার জন্য নির্বাচিত হয়েছে । তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি মধুমিতা ।
আরও পড়ুন: ‘টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব’, শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
জানা গিয়েছে, আগামী ২৩ আগস্ট থেকে দিল্লিতে শুরু হবে ‘মিশন শক্তিস্যাট’ -এর আট দিনের কর্মশালা । ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ -র (Space Kids India) উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী ছাত্রীরা হাতে-কলমে স্যাটেলাইট অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন ও টেস্টিংয়ের প্রশিক্ষণ নেবে । মহাকাশ বিজ্ঞান এবং স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে । Indian Space Research Organisation বা ইসরো (ISRO) -সহ দেশ – বিদেশের মহাকাশ বিজ্ঞানীরা এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন । শিক্ষার্থীদের তৈরি স্যাটেলাইট ২০২৬ সালের ১১ অক্টোবর ইসরোর Polar Satellite Launch Vehicle বা পিএসএলভি (PSLV) অথবা Small Satellite Launch Vehicle বা এসএসএলভি (SSLV) রকেটের মাধ্যমে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ।
লক্ষ্য হাই স্কুলের ছাত্রী মধুমিতা মাইতি । তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, জেলার মানুষ এবং মহিষাদলবাসী । শনিবার মহিষাদলের বারসুন্দরায় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজার কার্যালয়ে মধুমিতা, তার পরিবার এবং স্কুলের প্রধান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় । এদিন ছাত্রী ও স্কুলের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক ।
আরও পড়ুন: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, ‘ঋতব্রত শিবিরে’ অনুব্রত যোগ দেওয়ায় ‘হ্যাপি’ কল্যাণ
বিধায়কের হাত থেকে সংবর্ধনা পেয়ে খুশি স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি এবং মধুমিতা । মধুমিতা জানায়, তার এই সাফল্যের পিছনে স্কুলের অটল টিঙ্কারিং ল্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছার কথাও জানায় সে ।
