Birth Certificate Controversy : বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট বিলি, কাঠগড়ায় এই হাসপাতালের BMOH
মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তাসের দেশের মত ধূলিসাৎ করে বঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবেন না তিনি। সমস্ত ধরণের দুর্নীতির ফাইল খুলে কড়া ব্যবস্থা নেবেন। দোষী প্রমাণিত হলে জেলেও পাঠানো হবে। কথা অনুযায়ী কাজও হচ্ছে। তৃণমূলের বহু নেতা-কাউন্সিলররা গ্রেফতার হয়েছেন। আর এর মাঝে শোরগোল ফেলার মত একটি খবর প্রকাশ্যে এসেছে। রাজ্যে ফের বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ সামনে আসছে।
খড়গ্রাম হাসপাতাল থেকে বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠলো! গত বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বেআইনিভাবে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ খড়গ্রামের BMOH-এর বিরুদ্ধে। জানা গিয়েছে, সার্টিফিকেট পাওয়া অধিকাংশই খড়গ্রাম এলাকার বাসিন্দা নন। কেউ নদিয়া, কেউ হুগলি, কেউ উঃ ২৪ পরগনার বাসিন্দা। ১৯৭২, ১৯৮০, ১৯৯৯, ২০০০-সহ বিভিন্ন সালের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।
প্রশ্ন উঠেছে, কীভাবে অন্য এলাকার বাসিন্দা খড়গ্রামের বার্থ সার্টিফিকেট পেলেন ? কিন্তু অভিযুক্ত BMOH-এর দাবি, ”কোনও অন্যায় করলে আমার বিরুদ্ধে তদন্ত হোক।” ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাটি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকারের নজরে এসেছিল ‘SIR’ আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রের খবর, SIR-এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে, তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল বিজেপি সরকার। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেছিলেন, “এখন যদি হঠাৎ মনে হয় রিভিউ করার, রিভিউ হোক। এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম। নম্বর বলেছিলাম। এখন যদি করতে চায় করুক। কোনও অসুবিধা নেই।” ভোটের আগে SIR আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী।
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের
