Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
আবির দত্ত, কলকাতা : বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। কয়লা পাচার দুর্নীতি থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন মনোরঞ্জন মণ্ডল। চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডির তরফে। কয়লা পাচার মামলায় ২ মাস আগে ইডি গ্রেফতার করেছিল বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। এবার তাঁর বিরুদ্ধে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে জমা পড়ল চার্জশিট। যেখানে ED-র তরফে দাবি করা হয়েছে কয়লা পাচারের প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন মনোরঞ্জন মণ্ডল।
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
বারাবনি থানার প্রাক্তন ওসি-র বিরুদ্ধে দেওয়া ED-র চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সরাসরি কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মনোরঞ্জন মণ্ডল। ‘প্রোটেকশন মানি’ বাবদ মোটা টাকা নিয়েছিলেন তিনি। তাঁর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে কখনও ৫০ লাখ, কখনও ২৫ লাখ টাকা জমা পড়েছে। মনোরঞ্জন মণ্ডলকে টেক্সট মেসেজ করেছিল চিন্ময় মণ্ডল নামে এক কয়লা মাফিয়া। চিন্ময় মণ্ডলের থেকে টেন্ডারের ১৫ শতাংশ চেয়েছিলেন বারাবনি থানার প্রাক্তন ওসি। তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে সেই টাকা জমা দিতে বলা হয়। এমনকী ফ্ল্যাট বুক করে দেওয়ার কথাও বলেছিলেন মনোরঞ্জন মণ্ডল।
চার্জশিটে ED-র দাবি, তদন্তে উঠে এসেছে, গুন্ডা ট্যাক্সের ভাগ পেয়েছেন বারাবনি থানার প্রাক্তন ওসি। টাকার বিনিময়ে পাচারকারীদের কয়লা পাচারে সরাসরি সাহায্য করেছেন। ২৭ জানুয়ারি, বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়। সেখানে তিনি দায়িত্ব নেওয়ার আগেই, ৩ ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ED। এরপর ১০ ফেব্রুয়ারি, তাঁকে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। ১৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। এবার সেই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট।
অন্যদিকে, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল দ্বিতীয় চার্জশিট। হাওড়ার এক ব্যবসায়ীর করা তোলাবাজি মামলায় দেবরাজের নামে ২৫৬ পাতার চার্জশিটের ছত্রে ছত্রে মারাত্মক সব অভিযোগ রয়েছে। তোলাবাজি-সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল বারাসাত আদালতে।
