Voice of Eastern India

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট


কলকাতা: তোলাবাজি-সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল বারাসাত আদালতে।

আরও পড়ুন: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

পুলিশ সূত্রে দাবি, হাওড়ার লিলুয়ার বাসিন্দা, পেশায় লোহা-লক্কড়ের ব্যবসায়ী বিনয় সিংয়ের থেকে তোলাবাজি মামলাতেই শুক্রবার জমা পড়েছে চার্জশিট। তাঁর মূল ব্যবসা হল পরিত্যক্ত বহুতল ভেঙে সেখান থেকে লোহা বের করে বাজারে বিক্রি করা। তাঁর অভিযোগ, VIP রোডের ওপর কাজ চলাকালীন তাঁর থেকে প্রথমে ১ কোটি টাকা দাবি করে দেবরাজ চক্রবর্তীর শাগরেদরা। দুই দফায় ৫০ লক্ষ টাকা দেওয়ার পর, চাওয়া হয় আরও ৭৫ লক্ষ টাকা। অর্থাৎ, একলাফে তোলাবাজির পরিমাণ বেড়ে হয় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কোর্টে জমা দেওয়া  ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিটে বাগুইআটি থানা দাবি করেছে, দলবল নিয়ে বাগুইআটি-বিধাননগর এলাকায় সিন্ডিকেট অর্গানাইজ ক্রাইম চালাতেন দেবরাজ চক্রবর্তী। নিজের প্রভাব খাটিয়ে তোলা দিতে বাধ্য করা হত ব্যবসায়ীদের।     

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী ও বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের ভিত্তিতে FIR হয়েছে। এর মধ্যে শুক্রবার ব্যবসায়ী বিনয় সিংয়ের করা অভিযোগের প্রেক্ষিতে তোলাবাজি মামলায় চার্জশিট জমা পড়েছে।     

লিলুয়ার ব্যবসায়ী বিনয় কুমার সিংয়ের অভিযোগ, “লোকজন নিয়ে দেবরাজ আর তাঁর এক বন্ধু ওখানে পৌঁছে বলে ‘কাজ বন্ধ কর’। ওরা বলে ১ কোটি টাকা লাগবে।  দু’বারে ২৫-২৫ লাখ করে দিয়েছি। রফা হয়েছিল ১ কোটি দেওয়ার। আমি বললাম একটু সময় দাও। ওরা বলল, না টাকা দিতে দেরি করেছ, এবার আরও ৭৫ লাখ দিতে হবে।”     

গত ১ জুলাই, ঝাড়খণ্ডের মুরির রিসর্ট থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাঁর বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, হুমকি, সিন্ডিকেটরাজ, প্রতারণা, প্রোমোটারদের চাপ দিয়ে টাকা আদায় বা কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেনের মতো বহু অভিযোগ।     

গ্রেফতারির ৩৫ দিনের মাথায়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত আদালতে পেশ করা হয় প্রথম চার্জশিট। আর এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.