শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে মিলেছে বড় সাফল্য। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পেটলায় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। ওই ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, তামাকের আড়ালে এই গাঁজা অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। কে বা কারা এই গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত, কোথা থেকে এসেছে এই বিপুল পরিমাণ গাঁজা, কাদের নির্দেশে এই গাঁজার কারবার চলছে – সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেন এই বিপুল পরিমাণ গাঁজা অসমে নিয়ে যাওয়া হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। অসম থেকে অন্য কোথাও গাঁজা পাচারের ছক ছিল কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
সম্প্রতি বাঁকুড়া থেকে গাঁজা সমেত গ্রেফতার হয়েছেন ২ জন
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা-সহ এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ কোবির হোসেন ওরফে ঝুলন এবং তাঁর স্ত্রী হাসিনা বিবি। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় প্রথমে অভিযান চালায়। অভিযানের পর ওই দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তাঁদের কাছ থেকে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। এরপর গ্রেফতার করা হয় ওই ২ জনকে।
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
বাঁকুড়াতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ
বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার একটি গোপন ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ওই নেশা সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যে বাড়িতে তারা অভিযান চালিয়েছিল, সেখানে মজুত রাখা ছিল ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এগুলি ছাড়াও উদ্ধার হয়েছে মোট ৩৩৪০টি নেশার ট্যাবলেট। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কাফ সিরাপের বোতলগুলির প্রতিটিতে ১০০ মিলিমিটার করে নিষিদ্ধ কাফ সিরাপ ছিল। এই ঘটনায় ওই বাড়ির মালিক জাকির ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
