Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হামিদুল রহমান, সন্দীপন সাহা, শিউলি সাহার পর এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ। বিধানসভাতেই মমতা-পন্থী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে মিষ্টি খেলেন ঋতব্রত-পন্থী বিধায়ক কাজল শেখ। এনিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বিস্তারিত…
রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী দুই বিজেপি বিধায়কের আজ শপথ-গ্রহণ অনুষ্ঠান ছিল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয় সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পরে বিধানসভার লবিতে মমতা-পন্থী বিধায়কদের পাশে দেখা যায় কাজল শেখকে। সেখানে মিষ্টিও খেয়েছেন। মমতা-পন্থী তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত থেকে মিষ্টি খান তিনি। যদিও মিটিং ছিল, সেই মিটিংয়েই পরস্পরের দেখা হয় বলে জানা যাচ্ছে। শারদীয়ার শুভেচ্ছার পর তাঁরা মিষ্টি খেয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ, বিগত কয়েকদিনের ঘটনা পরম্পরা দেখলে দেখা যাবে, হামিদুল রহমান, শিউলি সাহা থেকে সন্দীপন সাহা…ঋতব্রত গোষ্ঠীর যারা বিধায়ক অর্থাৎ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়ে ঋতব্রত-পন্থী হিসাবে যোগ দিয়েছেন, তাঁরা বারেবারে মমতা-পন্থী বিধায়কদের পাশে আসছেন, অথবা বৈঠক করছেন অথবা কথা বলছেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। আজও কাজল শেখের এই ঘটনা নতুন করে জল্পনা তৈরি করেছে। যদিও কাজল শেখ বলছেন, এটা সৌজন্যের মিষ্টি। এরমধ্যে জল্পনার কিছু নেই।
কী বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় ?
কিন্তু, শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, “কাজল শেখ লবিতে ছিল। আমরা লবিতে বসেছিলাম। সেইসময় ওর সঙ্গে দেখা হল আমাদের। আমি তখন মিষ্টির প্যাকেটগুলো নিয়ে এসেছি। অলরেডি এসে গেছে আমার। মিষ্টির প্যাকেট এবং বাটি…সব কিছু ছিল আমার সঙ্গে। ও যাচ্ছে…দাঁড়িয়ে আছে দেখে হাতটা ধরেছি। আমি বললাম, চল তো। বলছে, কোথায় কোথায় ! আমি বললাম, মিষ্টি খাওয়াব। কোনও পার্টি মিটিং নয় এটা। স্রেফ আজ বিজয়ার মিষ্টি খাওয়াব। আমি বললাম, চল। ঢুকিয়ে নিয়ে গিয়ে মিষ্টি দিয়েছি। সবাই খেয়েছে। এর মধ্যে আলাদা কিছু অঙ্ক নেই। কাজল শেখের সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক। আজকের নয়। বহু অনুষ্ঠানে আমার বাড়িতে ফল পাঠায়। আমরা কাকে কাকে নেব না ঠিক করা আছে। সেটা আমাদের নেত্রীর উপর নির্ভর করবে। কাকে কাকে নেব না ঠিক করা আছে।” এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen
