Mamata Banerjee : “সভা বন্ধ করার চক্রান্ত” কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
কলকাতা : বিধানসভা ভোটে ধাক্কার পর শনিবার হাইকোর্টের অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে হুগলিতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যেতে গিয়েই উত্তরপাড়ায় আক্রান্ত হল কুণাল ঘোষের গাড়ি। ‘চোট পেলেন’, বিধায়ক নিজেও। এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ শানান, রাজ্যের শাসক দলের উদ্দেশে । এসেছে পাল্টা প্রতিক্রিয়াও।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কুণাল ঘোষের গাড়িতে হামলা চালিয়েছে। গণতন্ত্রের পক্ষে এটা কি ভাল?”। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, “উত্তরপাড়া থেকে কাউকে যেতে দিচ্ছে না। গুন্ডাদের দিয়ে রাস্তা আটকে রেখেছে বিজেপি। পুলিশের মদতেই কুণাল ঘোষের ওপর হামলা করা হয়েছে। সভা বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি।” পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। বলেন, “বিজেপি জুলুমবাজি চলছে, কোথায় পুলিশ? পথ আটকে বিজেপি দিকে দিকে জুলুমবাজি করছে। কারও কোনও স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। কোর্টের অনুমতি নিয়ে সভা, তাও বানচাল করার চেষ্টা করা হচ্ছে। ”
রাজ্যের শাসকদলের উদ্দেশে মমতার কটাক্ষ, “মানুষের ভোটে যদি জিতে থাকেন, তাহলে বিরোধী দলগুলিকে কেন মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না? পুলিশই তো অনেক ক্ষেত্রে সভা-সমাবেশের অনুমতি দিচ্ছে না। বাধ্য হয়ে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। তারপরেও এই জুলুমবাজি কেন? যদি মানুষের ভোটেই ক্ষমতায় এসে থাকেন, তাহলে বিরোধীদের গণতান্ত্রিক কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে কেন? পরিস্থিতি যদি এমনই হয়, তাহলে পুলিশকেই সরিয়ে বিজেপিকে ঠান্ডা করা উচিত।”
পাল্টা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “দীর্ঘ পনেরো বছরের অন্ধকার রাজত্বের পর বাংলায় যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে হুগলি জেলার শান্তিপ্রিয় মানুষও স্বস্তিতে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পরাজিত প্রাক্তন বিধায়িকা এখন বিভিন্ন জেলায় গিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এতদিন যাঁরা তাঁর আশীর্বাদে দলে জায়গা পেয়েছিলেন, সেই দুষ্কৃতীদেরও আবার সক্রিয় করার চেষ্টা হচ্ছে।” কুণাল ঘোষের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ” কুণাল ঘোষকে ব্যক্তিগতভাবে আমি কোনও গুরুত্বই দিই না। তিনিই তো একসময় টেলিভিশন ক্যামেরার সামনে অভিযোগ করেছিলেন যে ‘সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়।’ সেই সময়ও প্রশ্ন উঠেছিল, কেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করছে না। তাঁর সেই পুরনো অভিযোগের কী হল?” তিনি আরও বলেন, ”আমরা অবশ্য এই ধরনের অভিযোগকে বিশ্বাস করি না। শেওড়াফুলিতে তাঁদের জনসভায় একশো লোক হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে আমরা মনে করি।”
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
