Road Accident: রাতের অন্ধকার, প্রবল বৃষ্টি… সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে গেল চাল বোঝাই গাড়ি! ভয়ঙ্কর পরিণতি
কলকাতা: প্রবল বর্ষণে বেহাল উত্তরবঙ্গ। বাড়ছে নদীর জলস্তর, একের পর এক সেতু ভাঙছে! আলিপুরদুয়ার, শিলিগুড়িতে আগামী ২ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, মালদা ও দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা উত্তরবঙ্গেই হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওদা দফতর। টানা বৃষ্টিতে বেহাল দশা পাহাড়ের অধিকাংশ রাস্তাঘাটেরও। জায়গায় জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ, একাধিক জায়গায় সেতু ভেঙে গিয়েছে। ব্যহত হয়েছে যান চলাচল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায়। আর এবার, সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে মৃত্যু হল, চাল বোঝাই কন্টেনার গাড়িতে থাকা ২ ব্যক্তির। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা বলে ধারণা পুলিশের।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল। তখনই ঘটে যায় এই ঘটনা। বৃষ্টির মধ্যে কালচিনি থানার মেন্ডাবাড়ি এলাকার ৩১সি জাতীয় সড়কে দিয়ে যাচ্ছিল, একটি বিশাল চাল বোঝাই কন্টেনার। কিন্তু যেতে যেতেই হঠাৎ বৃষ্টির মধ্যে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ১৮ চাকার ওই বিশাল চালের কন্টেনারটি। স্থানীয়রা বলছেন, গাড়িটি এমনিতেই তীব্র গতিতে যাচ্ছিল। আর এত বৃষ্টি হচ্ছিল যে, অত গতিতে গাড়ি চালালে রাস্তার দিকে চোখ রাখা আর গতি বোঝা কার্যত দুষ্কর। যথেষ্ট গতি ছিল গাড়িটির। আর ঠিক সেই সময়েই, উল্টোদিক থেকে আসছিল আরও একটি গাড়ি। সেই গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চাল বোঝাই কন্টেনারের গাড়িটি। গতি হারিয়ে গাড়িটি ধাক্কা মারে বাঁ-পাশের ভাণ্ডানী নদীর সেতুর কংক্রিট রেলিং-এ। সেই সময় নদীর স্রোত এবং জলস্তর ছিল ভয়ঙ্কর। পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়, গাড়িতে থাকা ২ ব্যক্তির। জানা যাচ্ছে, ওই ২ ব্যক্তিই উত্তরপ্রদেশের। মারা যাওয়ার পরেও, সেখানেই আটকে ছিল তাঁদের দেহ। ঘটনার খবর পেয়ে কালচিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি যে যথেষ্ট গুরুতর তা তখনই বোঝেন তাঁরা। একে তো প্রবল বৃষ্টি, তার ওপর অন্ধকার, তীব্র নদীর স্রোত.. সব মিলিয়ে ব্যহত হয় উদ্ধার কার্য। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দেহ দুটি উদ্ধার করা হয়।
PM Modi: হাজার হাজার মানুষের সঙ্গে রেড রোডে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী | Yoga Day | ABP Ananda
