Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যে বিজেপি সরকারের বয়স মাত্র দু’মাস। এরই মধ্যে শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপের দাবি করছে রাজ্য সরকার। হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী।
শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দার-এর। শিল্প সংস্থার শীর্ষ কর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী (Ancillary) শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, ‘ এই রাজ্যে ৩টে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হল আইনশৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ এই জায়গা থেকে ২ মাসে আমরা বেরিয়ে এসেছি অনেকটা। আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কনটিনিউ করব। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। ‘ হাল আমলে ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এখন শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনকে এক-একটি মাইলস্টোন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞদের অনেকে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্প বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল। সেই লক্ষ্যেই প্রথমে ডানকুনিতে শিল্প প্রকল্পের সূচনা এবং এবার মেজিয়ায় নতুন ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও শিল্পমন্ত্রী তাপস রায়। শিল্পস্থাপনের পথে আর বাধা হয়ে দাঁড়াবে না তোলাবাজি ও সিন্ডিকেটরাজ, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১ বছরের মধ্যে রাজ্যে শিল্প মানচিত্র পরিবর্তনের কথা শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতির মুখে।
সরকারের দাবি, পশ্চিমবঙ্গে নতুন শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সেই সুযোগে দেশি-বিদেশি বিনিয়োগ টানতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। মেজিয়ার এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলের শিল্প মানচিত্রে নতুন মাত্রা যোগ হবে বলেই আশা প্রশাসনের।
