Suvendu Adhikari: আজ গোবিন্দপুর গ্রামে স্বজনহারাদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেটম্যানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আইনমতে ওর চূড়ান্ত শাস্তি হবে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলির পাশে আছি। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি।” মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে চোখের জল ছাড়া আর অন্য কিছু আমাদের দেওয়ার নেই। উপরওয়ালা, ভগবান, ঈশ্বর – যে যেভাবেই ভাবেন না কেন, এই পরিবারগুলিকে শক্তি দিক। তাঁরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন।” স্বজনহারাদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রচারের জন্য কাজ করি না। আমি যে অর্থ দিয়েছি, সরকারি অর্থ, আমার অর্থ নয়। এর বাইরেও পরিবারগুলি যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি SP DM দের দিয়ে গিয়েছি, তাঁরা করবেন। দুটো একটা দায়িত্ব যা আমার কাছে, আমি সেটা করব।” অভিযুক্ত গেটম্যানের শাস্তি প্রসঙ্গে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে। চার্জশিট দিতে হবে।” সঙ্গে দিলেন “কাস্টডি ট্রায়াল করিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট”-এর হুঁশিয়ারি। এছাড়াও, কর্ণসুবর্ণ রেলগেটে সুরক্ষাবৃদ্ধিতে জোর দেওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রয়োজনে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতিও দেন।
