কলকাতা: টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে রাজ্যের দিকে দিকে বন্যার পরিস্থিতি। জলের তলায় মেদিনীপুর, হুগলি সহ অধিকাংশ জেলার গ্রামের ঘর-বাড়ি। এর মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলীপুর আবহাওয়া দফতর।

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির কারণে বঙ্গে ফের বৃষ্টির অবহির্ভাব হতে পারে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার থেকে ভারী বৃষ্টি দেখা দেবে দক্ষিণবঙ্গে। আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বেশ কিছু জেলাতে।

উত্তরবঙ্গে আজও দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও, মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি উত্তরবঙ্গে।

মৌসুমী অক্ষরেখা বাংলায় সক্রিয়। ফিরোজপুর থেকে মিরাট হয়ে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে গিয়ে বাঁকুড়া এবং দীঘায় পৌঁছেছে। এরপর দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করেছে। কলকাতা, হাওড়া হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

শনিবারও বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলীপুর আবহাওয়া দফতর।

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। মঙ্গলবার ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া তে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির সতর্কতাও নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দফতর।

কলকাতায় আজ থেকে ফের আংশিক মেঘলা আকাশ দেখা দেবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। শুক্রবার এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।
Published at : 21 Aug 2026 01:55 PM (IST)
