কলকাতা: রাজ্যে পালাবদল হতেই ‘প্রতিশ্রুতি’ পূরণ করেছে নতুন সরকার। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছে বিজেপি। এবার থেকে ৫ লক্ষ টাকার এই কেন্দ্রীয় বিমা প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। কবে থেকে পাবেন এর সুবিধা? কবে থেকে চালু হচ্ছে? কীভাবে ও কোন কোন হাসপাতালে এর পরিষেবা পাওয়া যাবে? এই সমস্ত বিষয় নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
ভারতের স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat – PM-JAY)। আগে পশ্চিমবঙ্গে চালু না থাকলেও, ১৬ অগাস্ট থেকে রাজ্যের মানুষ পাবেন এই সুবিধা। সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যাশলেস কভারেজ দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে প্রতি পরিবারকে। এটি প্রতি বছর দেওয়া হবে। পরিবারের সংখ্যার কিছু সীমা থাকবে না। সারা ভারতবর্ষের সব জায়গায় এটি প্রচলিত। প্রায় ২ হাজার বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল এই প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে বেসরকারি প্রায় ১৩০০ এবং সরকারি ৭০০। ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবীমা যোজনার অন্তর্ভুক্ত হবেন।
আরও পড়ুন – কবে থেকে চালু হবে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
সঙ্গে স্বাস্থ্যবিমার কার্ড না থাকলে কীভাবে চিকিৎসা পাবেন ?
হাসপাতালে যাওয়ার পর দেখলেন সঙ্গে রাজ্য বা কেন্দ্রের স্বাস্থ্যবিমার কার্ডটি নেই। এক্ষেত্রে হাসপাতালে কীভাবে চিকিৎসা করবেন? স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হয় এই বিষয় নিয়ে। তারপর জানা যায় যে, যদি সঙ্গে আধার কার্ড থাকে তবে হাসপাতালেই মিলবে স্বাস্থ্য বিমা পরিষেবা। আধার নম্বর মিলিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি এই বীমার অন্তর্ভুক্ত কিনা। হাসপাতালেই মিলবে ফর্ম, মিলবে সরকারি স্বাস্থ্য বিমার কার্ড।
স্বাস্থ্য ভবন থেকে জানান হয়েছে যে, বেসরকারি হাসপাতালে যাওয়ার পর আপনার আধার নম্বর দিলেই সেখান থেকে চেক করে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কোন কার্ডটি আছে। অর্থাৎ, আয়ুষ্মান ভারতের কার্ড, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড নাকি পূর্বের সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড। যে কার্ডটি থাকবে তার ভিত্তিতেই আপনি ভর্তি বা চিকিৎসা পরিষেবা পাবেন। যদি এই ৩টি কার্ড-এর মধ্যে কোনওটাই না থাকে, তবে রাজ্যের ১৩০০টি বেসরকারি হাসপাতালে গিয়ে আধার কার্ড দিলেই পাবেন আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ফর্ম। ফর্ম পূরণ করার পর, সরকারিভাবে যা নিয়ম আছে, সেই নিয়ম মতো পরীক্ষা-নিরীক্ষা করার পর আপনি পেয়ে যাবেন স্বাস্থ্য বিমার কার্ড। সুতরাং কার্ড না থাকলেও হাসপাতালে গিয়ে এই পদ্ধতিতে মিলতে পারে চিকিৎসা পরিষেবা।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
