ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বর্ধমান : জঙ্গিযোগের অভিযোগে আরও গ্রেফতার। এবার রাজ্য পুলিশের STF-এর জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। রাজ্য পুলিশের STF-এর গোয়েন্দাদের দাবি, বিভিন্ন ব্যক্তিকে হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট নিত সে। হামিম মণ্ডলের মোবাইল কানেকশনের সূত্র ধরে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা সরকারের খোঁজ পান তদন্তকারীরা। মোবাইল লোকেশন ট্র্যাক করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃত অর্পিতা সরকারের বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের পাশাপাশি একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে STF সূত্রে খবর।
হামিম মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই অর্পিতা সরকার, এমনটাই জানানো হয়েছে বেঙ্গল এসটিএফ- এর তরফে। যে জঙ্গি মডিউলের সঙ্গে হামিম যুক্ত ছিল, তার সঙ্গে প্রত্যক্ষ এবং সরাসরি যোগ ছিল অর্পিতারও, এমনটাই দাবি পুলিশের। আইএসআই, শাহজাদ গোষ্ঠী-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ছিল রয়েছে এই অর্পিতার, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। হামিমের মতোই অর্পিতার সঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠের যোগাযোগ হত নানা ধরনের সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে। আরও মারাত্মক বিষয়, বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, হানিট্র্যাপের মাধ্যমে বিভিন্ন লোককে অপহরণ করার উদ্দেশ্য নিয়েই জঙ্গি মডিউলের মধ্যে কাজ করত হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। কোনও রাজনৈতিক নেতাকে জালে ফেলে তাঁর থেকে তথ্য আদায় করে সেটা অর্পিতা পাকিস্তানে পাঠিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে অর্পিতাকে। লোকজনকে টার্গেট করে তারপর হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করার মূল কাজ করত এই অর্পিতাই।
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
গতকাল হামিমকে গ্রেফতারের পর বর্ধমান থানায় প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে বেঙ্গল এসটিএফ- এর তদন্তকারী আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদের পর এবং হামিমের ফোন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখে খোঁজ মেলে অর্পিতা সরকারের। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ- এর টিম। হামিম এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। বিশেষ অ্যাপের মাধ্যমে হামিম এবং অর্পিতার মধ্যে যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে এসটিএফ সূত্রে। ঝাড়খণ্ড থেকে গ্রেফতারের পর ইতিমধ্যেই বর্ধমান থানায় আনা হয়েছে অর্পিতাকে। লোকজনকে টার্গেট করে তারপর হানিট্র্যাপের মাধ্যমে অপহরণের মধ্যে মারাত্মক মোডাস অপারেন্ডি নিয়ে কাজ করত অর্পিতা। নির্দেশ আসত পাকিস্তান থেকে। শাহজাদ ভাট গোষ্ঠী যারা পাকিস্তানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একই সঙ্গে জঙ্গি গোষ্ঠী, অনুমান তারাই এই নির্দেশ পাঠাত এবং সেই মতো কাজ এগোত অর্পিতা। এই শাহজাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ হামিম মণ্ডল।
গতকাল বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার করা হয় জঙ্গি হামিম মণ্ডলকে। STF সূত্রে দাবি করা হয়, পাকিস্তান থেকে অপারেট করা জঙ্গি শাহজাদ ভাটের গ্রুপের সদস্য এই হামিম মণ্ডল। পাশাপাশি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গেও হামিমের যোগাযোগ থাকার দাবি করা হয়েছে তদন্তকারীদের তরফে। সূত্রের দাবি, বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তিদের গতিবিধি ট্র্যাক করে পাকিস্তানে খবর পাঠানোর কাজ করত হামিম মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা সরকার। ১৪ দিনের জন্য হামিমকে হেফাজতে নিয়েছে বেঙ্গল এসটিএফ।
