সমীরণ পাল, টিটাগড় : হাওড়া স্টেশন থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ওই কাউন্সিলর নৌশাদ আলমকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ । ভোটের ফল ঘোষণার পরপরই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকার মানুষজন। তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। সেইমতো তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ। তদন্তের কথা জানতে পেরে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন নৌশাদ আলম। পুলিশের কাছে খবর আসে নৌশাদ ফিরছেন। সেইমতো খবর পেয়ে হাওড়া স্টেশন থেকেই তাঁকে আটক করা হয়। পরে তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা, জনপ্রতিনিধি গ্রেফতার হচ্ছেন। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি ! কাটমানি, তোলাবাজি, হুমকি-হুঁশিয়ারি, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে, এখনও পর্যন্ত কলকাতা পুরসভারই ৭ জন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, “১ মাসের মধ্যে একাধিক কাজ করেছে সরকার। চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে।”
একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির পরেই ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
৩৯ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে ২৩ মে গ্রেফতার করা হয় ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান। দেখানো হয় জুতো। দোসরা জুন তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করে পুলিশ। তারপরে তাঁর নারকেলডাঙার বাড়ির সামনে চলে বিক্ষোভ।
পরের দিনই গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। তেসরা জুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেফতারির পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান।
