Voice of Eastern India

Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?


কলকাতা: নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। রবিবার রাত থেকে জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর জেরে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবী ট্রলারকে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। গঙ্গাসাগর সমুদ্রতটেও সাগর ব্লক প্রশাসনের উদ্যোগে মাইকিং করে পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় সাগর-স্নানের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। তবে সোমবার এবং মঙ্গলবার শহরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। 

তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সোমবার। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই দুই জেলায় ঝড়ের গতি তুলনামূলক কম থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়ায়।                                 

মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ চলবে। তবে তার পর বৃষ্টি কমতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।                                  

নিম্নচাপ পরিস্থিতির কারণে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.