Voice of Eastern India

Naihati News : ‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার’, বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ


সমীরণ পাল, নৈহাটি :  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল নৈহাটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, কয়েক দিন আগে গভীর রাতে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরদিন জেটিয়া থানায় অভিযোগ জানান তিনি।

পুলিশে অভিযোগ জানানোর পরও বেপরোয়া বিজেপি নেতা। এরপর অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হয় বলে অভিযোগ করছেন মহিলা । তাতেও রাজি না হওয়ায় অন্ধকার রাস্তায় তাঁকে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ মহিলার। ঘটনার পর ফের জেটিয়া থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, প্রথমবার থানায় অভিযোগ জানানোর পর থেকেই চাপ তৈরি করা হচ্ছিল। অভিযোগ প্রত্যাহার না করায় তাঁকে মারধর করা হয়।

অন্যদিকে, গোটা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। তাঁর দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর। 

বিজেপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ  

দিনকয়েক আগেই বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে বিজেপির যুব নেতার গুন্ডাগিরির ছবি সামনে আসে। তাই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । সরব হয় ‘কালীঘাট-তৃণমূল’ শিবির। পাল্টা সুকান্ত মজুমদার আক্রান্তদের থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও অভিযুক্তের দাবি, তিনি ইতিমধ্যেই আগাম জামিন নিয়ে নিয়েছেন। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে ঢুকে, বিজেপির যুব নেতার হুমকি-শাসানি-মারধরের এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, তাহলে কি দাদাগিরি, তোলাবাজি, হুমকি-হুঁশিয়ারি কি এখনও সমানতালেই চলছে? সপ্তাহখানেক আগেই  তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে। ধরা পড়েন, বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি। অসম-বাংলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও পাথর বোঝাই ডাম্পার থেকে নিয়মিত মোটা অঙ্কের তোলা আদায় করতেন তিনি।তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য় সভাপতি। তারপরও অভিযোগ থামছে না!  এরপর নৈহাটির এই  অভিযোগ আরও একটা প্রশ্ন তুলে দিল। পালাবদলের রাজ্যে,  ‘ভয় আউট ভরসা ইন’- এর দিনেও কি স্থানীয় নেতাদের দাপাদাপি সমান তালেই চলছে ? রেহাই পাচ্ছেন না মহিলারাও?  অভিযোগ সত্যি হতে নিশ্চিত ভাবেই চিন্তার বিষয়।               

           

 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.