Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
রামপুরহাট : নেতাজিকে নিয়ে কটূক্তি, অনন্ত মহারাজের একের পর এক মন্তব্য় ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবার সেই ঘটনায় জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রীর। দিলেন তদন্তের নির্দেশ। বুধবার নবান্ন সভাঘর থেকে তিনি সাফ বলেন, “মন্ত্রী, বিধায়ক, সাংসদ — যেই হোক না কেন! কাউকে রেয়াত নয়। বিতর্কিত পোস্ট করলে তা ডিলিট করতে হবে। তবে ডিলিট করলেই ছাড় পাওয়া যাবে এমন নয়। তদন্ত হবে, প্রয়োজনে গ্রেফতার হবে।” তবে এখানেই থেমে থাকেনি রাজ্য সরকার। বৃহস্পতিবার নেতাজিকে অসম্মান বিতর্ক ঘিরে নিজের বঙ্গ বিভূষণ ‘সম্মান খোয়ালেন’ বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। তৃণমূল জমানায় অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল বঙ্গ বিভূষণ সম্মান। নেতাজি-বিতর্কে সেই সম্মান কেড়ে নিল বিজেপি সরকার।
তবে নেতাজিকে ঘিরে বিতর্ক যে এখানেই থেমে থেকেছে, এমনটা নয়। বৃহস্পতিবার এই আবহে নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙার অভিযোগ তুলল বিজেপি। নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা জড়িত? আপাতত সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আবার রামপুরহাটে রাস্তার নাম পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নেতাজির নামাঙ্কিত রাস্তার নাম বদলে করে দেওয়া হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। পথের ধারেই বসানো হল শ্যামাপ্রসাদের নামাঙ্কিত গেরুয়া বোর্ড। এই ঘটনায় রামপুরহাট পুরসভার চেয়ারম্যান বলেন, “রাস্তার নাম বদল নিয়ে বিজেপির তরফে আবেদন করা হয়েছে। তবে এই বিষয়ে কোনও অনুমতি দেয়নি পুরসভা”। পাল্টা বিজেপি বিধায়কের দাবি, “চেয়ারম্যানের উপস্থিতিতে রাস্তার নামকরণ হয়েছে।”
