Voice of Eastern India

Saokat Molla: নদী চুরির অভিযোগ ! বেআইনি ভাবে চর ভরাট করে তৈরি ক্যাফে, এবার নোটিস গ্রেফতার হওয়া সওকতের ছেলেকে


কলকাতা : NIA-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা। এরই মধ্য়ে তাঁর ছেলে, ইমরান মোল্লার কাছে পৌঁছল প্রশাসনের নোটিস। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নদী ভরাট করে, ক্য়াফে তৈরির অভিযোগ উঠেছে। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে সওকতের ছেলেকে। 

নদী চুরি ! প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালিতে রয়েছে, সওকতের ছেলে, ইমরান মোল্লার সুবিশাল ক্য়াফে। অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্য়াফে তৈরির অভিযোগে, এবার সওকত মোল্লার ছেলেকে নোটিস পাঠানো হল। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। 

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, সওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্য়ানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি NIA. সওকত মোল্লার ছেলে, ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় NIA টিম। অভিযোগ, নদীর চরের ওপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। বাবা গ্রেফতার, এরই মধ্য়ে ছেলের কাছে পৌঁছল নোটিস। 

জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?

জীবনতলার বাসিন্দাদের একটাই কথা, সওকত পুত্রের বেআইনি ক্যাফে দ্রুত বন্ধ করা হোক। এক বাসিন্দার অভিযোগ, ‘২৫ বছর আগে থেকে এই চর পড়েছিল। সওকত মোল্লা, সওকত মোল্লার স্ত্রী, তাঁর সাঙ্গোপাঙ্গ, সবাই মিলে এই রোডের পাশে, সেখানে যত জায়গা ছিল, সেই জায়গাগুলোকে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা, ৭ লক্ষ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে। যা সম্পূর্ণভাবে অবৈধ।’ অভিযোগ উঠছে, সওকত মোল্লার ছেলে কয়েকশো বিঘা চর দখল করে ক্য়াফে করেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, আগে ছিল নদীর ভেড়ি। সেই নদীর ভেড়ি দখল করে নিয়ে বেআইনি ভাবে ক্যাফে তৈরি করেছে সওকত মোল্লার ছেলে। প্রায় ৪০ বিঘা জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও লাভ হয়নি। উল্টে রাতে বাড়িতে বোমা মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী এখনও বোমা, বন্দুক নিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্বাভবতই আতঙ্কে রয়েছেন তাঁরা। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.