Voice of Eastern India

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন


পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সায়গল হোসেন। টুলুর দুর্নীতিকাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল। এই সায়গল হোসেনের ফ্ল্যাটে গতকাল প্রায় ১৬ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চলে পুলিশের। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, ১৫০-র বেশি জমির দলিল, খবর পুলিশ সূত্রে। এছাড়াও সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে সোনা এবং সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, দাবি পুলিশের। টুলু মণ্ডলের DCR জালিয়াতির সূত্রে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে, দাবি তদন্তকারীদের। 

শনিবার ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন টানা ১৬ ঘণ্টা তল্লাশি চালানো হয় সায়গলের ফ্ল্যাটে। এরপর রবিবার ভোররাতে জেলা পুলিশের হাতে গ্রেফতার হয় সায়গল হোসেন। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। DCR জালিয়াতি করে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ আগেই উঠেছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে। এই মামলার তদন্তেই গতকাল টুলু মণ্ডলের ২ শ্যালক ও অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট সকালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে বিশেষ অভিযান চালায় বীরভূম জেলা পুলিশ। সকাল সাড়ে ৯টা নাগাদ সায়গল হোসেনের আবাসনে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডের সূত্র ধরেই ওই তল্লাশি চালানো হয়েছে। 

অন্যদিকে, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার পুলিশের জালে এক সরকারি কর্মী। ভোররাতে সিউড়ি থেকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাসকে গ্রেফতার করেছে মহম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের সহযোগীদের ডায়েরি ঘেঁটে ধৃতের যোগসূত্র মিলেছে। কিন্তু টুলু মণ্ডল কোথায়? এখনও খোঁজ নেই তাঁর। হন্যে হয়ে খুঁজছে পুলিশ। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.