Vidyasagar Setu Closed : আগামীকাল সকালে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু ! চলবে না কোনও গাড়ি , বিকল্প রুট জানাল পুলিশ
কলকাতা : গত সপ্তাহের পর এই সপ্তাহে রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। দ্বিতীয় হুগলি সেতুতে গত কয়েক মাস ধরেই পর্যায় ক্রমে মেরামতি ও সংস্কারের কাজ চলছে । তার জন্য আগামী ১৪ জুন ২০২৬, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদল-সহ একাধিক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে।
কখন বন্ধ থাকবে?
- তারিখ: ১৪ জুন ২০২৬ (রবিবার)
- সময়: সকাল ৬টা থেকে দুপুর ২টো
- স্থান: বিদ্যাসাগর সেতু ও সংযুক্ত র্যাম্প
এই সময়ে সমস্ত ধরনের যানবাহনের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
কোন পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন?
এজেসি বোস রোড থেকে আসা যানবাহন
বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া পশ্চিমমুখী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
খিদিরপুর রোড (K.P. Road) থেকে আসা যানবাহন
জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
খিদিরপুর দিক থেকে কলকাতামুখী যানবাহন
সিজিআর রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের রুট ব্যবহার করতে হবে।
ঘোড়াপাস সংলগ্ন ওয়াই-পয়েন্ট
বিদ্যাসাগর সেতুর র্যাম্পে ওঠার পরিবর্তে যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট হয়ে খিদিরপুর রোড ও রেড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।
কলকাতা পুলিশের পরামর্শ
ট্রাফিকের চাপ সামাল দিতে প্রয়োজন অনুযায়ী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। তাই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যাসাগর সেতু ব্যবহার করার পরিকল্পনা থাকলে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে হাওড়া ব্রিজ ব্যবহার করার জন্য আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
