Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কলকাতা: কখনও রোদ আবার কখনও ঝমঝম করে বৃষ্টি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দফায় দফায় বৃষ্টিতে ভিজছে উত্তর থেকে দক্ষিণ। উত্তরে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। জয়সলমীর, রায়সেন, পশ্চিম মধ্য ছত্তীসগঢ়ের পশ্চিমাংশ এবং সংলগ্ন বিদর্ভ ও দক্ষিণ-পূর্ব মধ্য প্রদেশের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের কেন্দ্র অতিক্রম করে গোপালপুর পর্যন্ত বিস্তৃত। সেখান থেকে এটি দক্ষিণ-পূর্ব দিকে মধ্য় বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশের দিকে প্রসারিত হয়েছে। এই মৌসুমী অক্ষরেখা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও মোটামুটি আবহাওয়ারও একই পরিস্থিতি থাকবে। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এই জেলাগুলি সহ কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায়। শনিবার উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা ও। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সব জেলাতে। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল ও। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে । তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
