Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
কলকাতা: সপ্তাহান্তে ভারী বর্ষণের প্রবল আশঙ্কা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা ও হলুদ সতর্কতা ছিল আজ সারাদিন দক্ষিণবঙ্গে। তবে আগামীকালও হলুদ সতর্কতা সরছে না। ভারী বর্ষণের প্রবল আশঙ্কা থাকছেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে। এদিকে আবার পরশুদিন অর্থাৎ রবিবার ফের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা ও হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
ভারী বর্ষণ নিয়ে আইএমডির পূর্বাভাস নিয়ে সতর্ক করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই এর তরফেও। মূলত উপকূলবর্তী এলাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ২৮ তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্র নামতে তাই নিষেধ করা হয়েছে। মূলত উপকূলবর্তী এলাকা বলতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে বলে খবর। তবে যতটা ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে দক্ষিণবঙ্গে, ততটা পরিমাণ বৃষ্টির আশঙ্কা নেই উত্তরবঙ্গে, অন্তত এই মুহূর্তে। মূলত হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।
