Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
সন্দীপ সরকার, সুমন ঘরাই, বীরভূম : নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, বীরভূমের স্টোন-সম্রাট, বড় প্রশ্ন হল, সেই টুলু মণ্ডল এখন কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তাঁর গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে, উনি দেশের বাইরে রয়েছেন’। বর্তমানে টুলু মণ্ডলের ৪টি ফোনই সুইচড অফ রয়েছে।
তাঁর সম্পত্তির বহর চোখ ধাঁধিয়ে দিয়েছে রাজ্যবাসীর। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যাঁর নাম ক’জন জানতেন, তার ঠিক নেই। এখন মুখে মুখে ঘুরছে তাঁর নাম। বীরভূমের স্টোন-সম্রাট, নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, টুলু মণ্ডল কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তাঁর গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহে পরিবারকে নিয়ে দুবাই যান নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। সঙ্গে ছিলেন বেয়াই ও ব্যবসায়ী বারিক বিশ্বাসের পরিবারও। তদন্তকারীদের অনুমান, সেখান থেকে তুরস্ক হয়ে লন্ডনে যেতে পারেন টুলু মণ্ডল। বর্তমানে তাঁর ৪টি ফোনই সুইচড অফ।
‘এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে’, কী বলছেন মদন মিত্র ?
সূত্রের খবর, ২০২১-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন নেপালে চলে গেছিলেন টুলু মণ্ডল। ক্ষমতার হাতবদল হলে সেখান থেকেই লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এবার নাকি বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতাতেই ছিলেন টুলু মণ্ডল। সূত্রের খবর,বিদেশেও ফ্ল্যাট কিনেছেন নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। দুবাইতে অন্তত দু’টি ফ্ল্যাটের মালিক তিনি ও তাঁর পরিবার। সূত্রের খবর, ইতিমধ্যেই ভিয়েতনাম থেকেও ঘুরে এসেছেন টুলু মন্ডল। সেখানেও সম্পত্তি কেনার ব্যাপারে কথাবার্তা চলছে।
সূত্রের খবর, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রিয়েল এস্টেট ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন টুলু মন্ডল। সৌদি আরবে খাদ্য সামগ্রী, কাঁচা আনাজ এবং মাছের এক্সপোর্ট ব্যবসাও ছড়িয়ে ছিলেন তিনি। তাঁর একের পর এক সম্পত্তি, কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার ছবি সামনে আসছে। কিন্তু টুলু মণ্ডল কোথায়? তাঁর সম্পত্তির মতো সেটাও কোটি টাকার প্রশ্ন। এখনও তাঁর খোঁজ পায়নি পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে বাইরে পড়াশোনা করেন। বাড়িতে থাকতেন টুলু ও তাঁর স্ত্রী। ভোটের ফল প্রকাশের পর থেকেই দম্পতি বেপাত্তা। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।
