কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ২০ হাজার ২৪৪ জনের নামের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্টারভিউ। ২০২৫-এর SLST-র ইন্টারভিউ তালিকা, ফাইনাল প্যানেল, ওয়েটিং লিস্ট – সব কিছুই বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। আগের তালিকার ভিত্তিতে হওয়া সব কাউন্সেলিং-ও বাতিল হয়েছে। এমনকী কাউন্সেলিংয়ের ভিত্তিতে দেওয়া সুপারিশপত্রও প্রত্যাহার করা হয়েছে। আগে ইন্টারভিউ দিলে, নতুন করে আর ইন্টারভিউ দিতে হবে না চাকরি প্রার্থীদের। প্রায় ৩ হাজার অতিরিক্ত চাকরিপ্রার্থীর নাম ইন্টারভিউ তালিকায় যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।
স্কুল সার্ভিস কমিশন আজ ইন্টারভিউয়ের একটি তালিকা প্রকাশ করেছে। ২০ হাজার ২৪৪ জনের নাম রয়েছে একাদশ-দ্বাদশের সেই ইন্টারভিউয়ের তালিকায়। এটি দ্বিতীয় SLST বা ২০২৫ সালের SLST- এর সংশোধিত তালিকা। এই তালিকায় থাকা ২০ হাজার ২৪৪ জন ইন্টারভিউ-যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তৃণমূল জমানায় পরীক্ষার ভিত্তিতে ২০২৫ সালে যে প্যানেল হয়েছিল, প্রাথমিক প্যানেল, ফাইল প্যানেল, ওয়েটিং লিস্ট – সমস্ত কিছুই বাতিল করা হয়েছে বর্তমান সরকার, স্কুল সার্ভিস কমিশনের তরফে। পুরনো সবকিছু বাতিলের পাশাপাশি এই সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তৃণমূল জমানায় ওবিসি সংরক্ষণ ছিল ১৭ শতাংশ। নতুন সরকার এসে আইন সংশোধন করে তা ৭ শতাংশ করেছে। ফলে পুরনো সমস্ত সুপারিশ পত্র প্রত্যাহার করা হয়েছে। তৃণমূল জমানায় যেসব কাউন্সেলিং হয়েছিল এবং তার ভিত্তিতে যেসব সুপারিশ হয়েছিল – সবই বাতিল করা হয়েছে।
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
আজ যে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে আগে ইন্টারভিউ দিয়েছেন এমন কারও নাম থাকলে, তাঁকে আর নতুন করে ইন্টারভিউতে বসতে হবে না। এইসব প্রার্থীর আগের লেখা পরীক্ষার নম্বর, শিক্ষাগত যোগ্যতা – এইসব নিয়েই তৈরি হবে মেধাতালিকা। ২০১৬ সালের পরীক্ষা দেওয়ার পর যাঁরা চাকরি পেয়েছিলেন, ৪-৫ বছর চাকরি করার পর তাঁদের চাকরি বাতিল হয়েছে, ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। তৃণমূল জমানার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে এই ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছিল। আবার নতুন করে চাকরি প্রার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল। তারপর প্রায় সাড়ে তিন হাজার জন সুপারিশ পত্রও পেয়ে গিয়েছিলেন। যোগদানের একদম আগের মুহূর্তে আবার সব বাতিল করে দেওয়া হল। স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৫ সালের SLST- এর যে প্রাথমিক তালিকা, ফাইনাল তালিকা, কাউন্সেলিং লিস্ট, তার ভিত্তিতে পাওয়া সুপারিশ পত্র – সবই বাতিল ও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। নতুন করে তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৩টি বিষয়ে আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হতে পারে। তার ভিত্তিতে আবার নতুন নিয়োগপত্র পাবেন চাকরি প্রার্থীরা।
TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
