Abhishek Banerjee : ঠিক কী অভিযোগ আপ্তসহায়কের বিরুদ্ধে, যার জন্য অভিষেকের বাড়িতে তালা ভেঙে ঢুকল পুলিশ?
পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : রবিবার ভোররাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিল কালীঘাট থানার পুলিশও। সূত্রের খবর, খবর পেয়ে সেই সময়ই বাড়ির ভিতরে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের হানা
কিন্তু কী কারণ তল্লাশি, প্রথমে বোঝা না গেলেও, পরে জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। তাঁকে খুঁজতেই অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশ।
কেন পৌঁছল শালবনি থানার পুলিশ?
পুলিশ সূত্রে খবর, শালবনি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, সুমিত রায়ের শেষ মোবাইল টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির আশপাশে পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই সেখানে পৌঁছয় পুলিশ।
তদন্তকারীদের দাবি, গত শনিবার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জমি প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়। সেই মামলার তদন্তে নেমে আর্থিক লেনদেনের সূত্রে সুমিত রায়ের নাম উঠে আসে। এরপরই তাঁকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। তারই অংশ হিসেবে কালীঘাটের বাড়িতেও অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কী বললেন অভিষেক?
স্থানীয় সূত্রের দাবি, রাত প্রায় আড়াইটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয় পুলিশকর্মীদের। বারবার দরজা ও গেট খোলার অনুরোধ জানানো হলেও সাড়া না মেলায় শেষ পর্যন্ত তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয় বলে দাবি পুলিশের। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালীঘাটের বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর বাড়ির বাইরে বেরিয়ে এসে অভিষেক বলেন, পুলিশ সারা বাড়ি সার্চ করেছে।
আরও পড়ুন : অভিষেকের বাড়ির ‘তালা ভেঙে সার্চ’ ! ভেতরে কী কী করল পুলিশ? কী জানালেন অভিষেক?
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
